চাইনিজ তাইপেকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

চীনের সানিয়ায় চলমান এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের পদকের সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাকে সত্যিতে পরিণত করল নারী কাবাডি দল। থাইল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করার পর গতকাল শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশের নারীরা। টানা দুই জয়ে সেমিফাইনালে ওঠার পাশাপাশি ব্রোঞ্জও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
চীন থেকে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ চীন থেকে জানিয়েছেন, কাবাডির সাধারণ নিয়মের মতো এই গেমসেও সেমিফাইনালে উঠলে ব্রোঞ্জ নিশ্চিত। গেমসের ট্যাকনিক্যাল বুকেও এ রকম লেখা।
ম্যাচে শুরু থেকেই চাইনিজ তাইপেকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধে লড়াই কিছুটা সমানে-সমান মনে হলেও ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা।
তাইপের রক্ষণভাগকে তছনছ করে একের পর এক পয়েন্ট ছিনিয়ে নেয় তারা। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে বাংলাদেশ ও নেপালের পয়েন্ট চার। দুই দলই সেমিফাইনাল পদক নিশ্চিত করেছে। আগামীকাল গ্রুপ পর্বে দুই দলের ম্যাচ নিয়মরক্ষার।
নারী দল সফল হলেও পুরুষ দল ব্যর্থ হয়েছে। পুরুষ দল পাকিস্তানের কাছে হারের পর আজ ইরানের কাছে হেরেছে ৪৭-৩১ পয়েন্টে। তিন ম্যাচে বাংলাদেশ মাত্র ২ পয়েন্ট পাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এদিকে এশিয়ান বিচ গেমসের ভলিবলে মেয়েরা মালদ্বীপের বিপক্ষে জিতেছে ২১-১৫, ২১-১৯ ব্যবধানে। এই ইভেন্টেও হেরেছে ছেলেরা; জাপানের বিপক্ষে ২১-১১, ২১-১২ পয়েন্টে।
