ঢাকা প্রিমিয়ার লিগে থাকছে না সুপার লিগ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা কাটিয়ে দলবদল হয়ে গেছে আগেই। এবার মাঠে খেলা শুরুর পালা। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। আগামী সোমবার থেকে ছয় ভেন্যুতে হবে এবারের আসর। টুর্নামেন্ট শেষ হবে ১১ জুন। গতকাল সোমবার বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এবার সিঙ্গল লিগ পদ্ধতির আসর হবে। সময় স্বল্পতার কারণে সুপার লিগের পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। তবে অবনমন ঠিকই থাকছে। প্রথম বিভাগে নেমে যাওয়া দল চূড়ান্ত করতে রেলিগেশন লিগও হবে। লিগ পর্যায়ে ম্যাচের সঙ্গে রেলিগেশন লিগে থাকছে ৩ ম্যাচ।

এর আগে আমিনুল ইসলামের বোর্ডের অধীনে কোনো খেলায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিল ঢাকার ক্রিকেটের বেশিরভাগ ক্লাব। প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটে তাই সব ক্লাব অংশ নেয়নি। ক্লাবগুলোর একই অবস্থান ছিল প্রিমিয়ার লিগ নিয়েও। যে কারণে লিগ শুরু করা যায়নি নির্ধারিত সময়ে। আমিনুলের বোর্ডকে সরিয়ে বিসিবিতে অ্যাডহক কমিটি আসার পর লিগ নিয়ে অচলাবস্থা কেটেছে। সব ক্লাবই এখন খেলবে। খেলায়াড় ও ক্লাবের দাবির পর প্রিমিয়ার লিগের সুযোগ-সুবিধাও এবার বাড়িয়েছে বিসিবি। ম্যাচর দিন ক্লাবগুলোর ট্রান্সপোর্ট এবং খাবারের ব্যবস্থা করবে বোর্ডই। সব ভেন্যুতে থাকবে বিশষায়িত অ্যাম্বুলেন্স।

এবারের লিগের ম্যাচ হবে মোট ছয়টি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠ, ক্রিকেটার্স একাডেমি মাঠ, বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠ, পিকেএসপি ২ নম্বর মাঠ এবং ইউল্যাব বিশ্বিবদ্যালয় মাঠ।

বিসিবি সূত্র জানিয়েছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অন্য ব্যস্ততা না থাকলে কিছু ম্যাচ হতে পারে সেখানেও। আগেই নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এবারের লিগে কোনো সুপার লিগ থাকবে না, খেলা হবে সিঙ্গেল লিগ ভিত্তিতে। তবে নিচের দিকের তিন দলের মধ্যে রেলিগেশন লিগ হবে, সেখান থেকে দুই দল নেমে যাবে প্রথম বিভাগে। লিগ পর্বের ৬৬টি ও রেলিগেশন লিগের ৩টি মিলিয়ে মোট ম্যাচ হবে ৬৯টি।