পিএসএলের ফাইনাল খেলবেন নাহিদ রানা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

চলতি এপ্রিলেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়েছে নাহিদ রানার। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে আসেন তিনি।
এরপর কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি পান সিরিজ সেরার পুরস্কার। তবে চলমান টি-টোয়েন্টি সিরিজে নেই বাংলাদেশের এই গতি তারকা। ওয়ানডে সিরিজ শেষে বিসিবি জানিয়েছিল, নাহিদ আপাতত প্রস্তুতি নেবেন পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের জন্য, তাই পিএসএল খেলতে আর পাকিস্তানে যাবেন না। চোটের কারণে যেতে পারেননি আরেক পেসার মোস্তাফিজুর রহমানও।
তবে গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি লিখেছেন, ‘পিএসএলের ফাইনালে নাহিদকে খেলার অনুমতি দেওয়ায় তামিম (বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবাল) ভাইকে ধন্যবাদ।’ আগামী ৩ মে লাহোরে অনুষ্ঠিত হবে পিএসএলের ফাইনাল। ফাইনালে দেখা যাবে বাংলাদেশের পেস তারকা নাহিদ রানাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে পেশোয়ারের হয়ে ৫ ম্যাচ খেলেছিলেন তিনি। সিরিজ শেষে তার পাকিস্তান যাওয়ার কথা ছিল। কিন্তু বাড়তি সতর্কতা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে তাকে অনাপত্তিপত্র দেয়নি। ছয় দিনের ব্যবধানে বিসিবি নিজেদের সিদ্ধান্ত পাল্টে নাহিদকে পাকিস্তানে গিয়ে ফাইনাল খেলার অনুমতি দিয়েছে। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পিএসএল খেলার জন্য পেসার নাহিদ রানার অনাপত্তিপত্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে বিসিবি। পর্যালোচনার পর, বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে ৩ মে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়ার জন্য নাহিদ রানাকে আবার তার ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে।’ এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ব?্যাখ?্যাও করেছে বিসিবি, ‘এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করে। যা খেলোয়াড়ের ধারাবাহিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ হলো, দলীয় সিদ্ধান্ত এবং বিসিবির মেডিকেল টিম তাকে অনুমোদন দিয়েছে এবং নিশ্চিত করেছে যে এই ম্যাচে অংশগ্রহণ তার ফিটনেস, ওয়ার্কলোড ব্যবস্থাপনা বা জাতীয় দলের জন্য তার প্রাপ্যতার ওপর কোনো বিরূপ প্রভাব ফেলবে না।’ পিএসএলের ফাইনাল হবে আগামী রোববার। অনুশীলন ও ম?্যাচ মিলিয়ে নাহিদ রানার ওপর খুব বেশি প্রভাব পড়বে না। যদিও ফাইনাল ম্যাচ বাড়তি চাপ তো থাকবেই। ফাইনাল শেষে পরদিন সকালেই তিনি দেশে ফিরবেন। এরপর যোগ দেবেন বাংলাদেশ দলের সঙ্গে। ততদিনে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের অনুশীলন শুরু হয়ে যাবে দলের। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ৮ মে থেকে।
নাহিদ পেশোয়ার জালমির হয়ে ৫ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন ৫.৪২ ইকোনমিতে। ফাইনালে নিশ্চিতভাবেই তার অভিজ্ঞতা, গতি, খুনে মানসিকতা কাজে লাগাতে চাইবে জালমি। ২০১৭ সালে পেশোয়ার একবারই পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছিল। নাহিদ রানাকে নিয়ে তাদের ভাগ্য পাল্টায় কি না সেটাই দেখার।
