র‌্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মোস্তাফিজদের

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয়ের পুরস্কার পেল বাংলাদেশের বোলাররা। আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। শুধু পেসাররাই নন, ব্যাটারদের তালিকায় এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসও।

পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি গতকাল বুধবার প্রকাশ করে আইসিসি। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে উন্নতি করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৫ রান করেন শান্ত। এই সংস্করণে চতুর্থ সেঞ্চুরি করে ১১ ধাপ এগিয়ে তিনি আছেন ৩২তম স্থানে। ৭৬ রানের ইনিংস খেলে লিটন দাসে অগ্রগতি ১৫ ধাপ, আছেন ৬৫ নম্বরে। ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের আর কারো উন্নতি হয়নি। এখানে দেশের সবার উপরে তাওহিদ হৃদয়, আগের মতোই ২৬তম স্থানে আছেন তিনি। এই সংস্করণের ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। বোলারদের তালিকায় আগের মতোই সবার ওপরে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান।

বাংলাদেশের ৫৫ রানের জয়ে ম্যাচে ৪৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন মোস্তাফিজ। ওয়ানডেতে ষষ্ঠবার পাঁচ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে ১৪বার এগিয়ে এখন ৪১ নম্বরে আছেন বাঁহাতি পেসার। উন্নতি হয়েছে আরও দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার। একটি উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়েছেন শরিফুল (২৮তম)। আর দুই উইকেট নেওয়া নাহিদের অগ্রগতি ১৬ ধাপ, আছেন ৪৮তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে মেহেদী হাসান মিরাজ। তালিকায় অষ্টম স্থানে আছেন ওয়ানডে অধিনায়ক।