ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হারলেন জ্যোতিরা

প্রকাশ : ০১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী দল। যদিও দেড়শ ছোঁয়া লক্ষ্য তাড়ায় শুরুটা ছিল আশা জাগানিয়া। কিন্তু মন্থর ব্যাটিং ও প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত পেরে উঠল না টাইগ্রেসরা। তাদেরকে আরেকবার হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল শ্রীলঙ্কার মেয়েরা। গতকাল বৃহস্পতিবার সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১ রানে জিতেছে শ্রীলঙ্কা।

সফরকারীদের ১৫৪ রান তাড়ায় ১৩৩ পর্যন্ত করতে পেরেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে ২৫ রানে হেরেছিল বাংলাদেশ। আগামী শনিবার তৃতীয় ও শেষ ম্যাচটি হবে বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে গেল তারা।

ম্যাচে ফিফটি করতে পারেননি দুই দলের কেউই। দুটি ছক্কা ও চারটি চারে সর্বোচ্চ ৪৯ রান করেন হার্শিথা সামারাউইক্রামা। ছয় চারে ৪২ রান আসে চামারি আতাপাত্তুর ব্যাট থেকে। তবে চার ওভারে স্রেফ ১৫ রান খরচায় দুই উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন কাভিশা দিলহারি। বাংলাদেশের প্রথম তিন ব্যাটারই পান ভালো শুরু। চারটি চারে অপরাজিত সর্বোচ্চ ৪৪ রান করতে ৪৭ বল খেলেন শারমিন আক্তার।

টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়ে পঞ্চম ওভারেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। ফারিহা তৃষ্ণার বলে নিগারের হাতে ক্যাচ দেন হাসিনি পেরেরা। সেই চাপ পরে আর ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে আতাপাত্তু ও ইমেশা দুলানির ৪৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দিয়ে ওঠে শ্রীলঙ্কা। ইমেশাকে ফিরিয়ে তাদের যুগলবন্দিতে ফাটল ধরান তিরু মনি। আতাপাত্তুকে বিদায় করেন সুলতানা খাতুন। এরপর রানের চাকায় দম দেন হার্শিথা ও নিলাকশিকা। ম্যাচের একমাত্র পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েন তারা। ইনিংসের শেষ বলে হার্শিথাকে ফেরান নাহিদা আক্তার। প্রথম বলে চার মেরে লক্ষ্য তাড়া শুরু করেন দিলারা আক্তার। ওভারের শেষ বলে মারেন আরেকটি। পরের ওভারে আরও দুটি চার মারেন এই ওপেনার। আরেক প্রান্তে মন্থর শুরু করা জুয়াইরিয়া ষষ্ঠ ওভারে মারেন দুটি বাউন্ডারি।

পাওয়ার প্লেতে ৪৬ রান তুলে এই দুইজন দলকে উইকেট হারাতে দেননি। পরের ওভারেই ভাঙে তাদের প্রতিরোধ, দিলারাকে বিদায় করে দেন কাভিশা। মালকিকে একটি করে ছক্কা-চার মারা জুয়াইরিয়া কাটা পড়েন রান আউটে। প্রথম ১০ ওভারে ৬৭ রান তোলে বাংলাদেশ।

আট উইকেট হাতে নিয়ে শেষ ১০ ওভারে ৮৮ রানের সমীকরণ মেলাতে পারেনি তারা। অধিনায়ক হিসেবে বাংলাদেশের রেকর্ড ৬৬ টি-টোয়েন্টি খেলতে নেমে ৭ বলে ৭ রান করেন নিগার। সোবহানা মোস্তারি রানের খাতাই খুলতে পারেননি। আগের ম্যাচে ফিফটি করা স্বর্ণা আক্তার স্টাম্পড হন ১৩ বলে ১২ রান করে। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি শারমিন।