কোটি টাকার স্পন্সর পেল হকি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে নিজেদের অভিষেকেই ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। লাল সবুজের নারী হকি দল ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে। শীর্ষ ছয় দলের মধ্যে থাকায় আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমসে প্রথমবার বাংলাদেশ নারী হকি দলের অংশগ্রহণও নিশ্চিত হয়েছে। নারী হকি দলের এমন সাফল্যের পর হকিতে এসেছে কোটি টাকার পৃষ্ঠপোষকতা। বাংলাদেশ নারী ও পুরুষ দল জাপানে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশ হকি ফেডারেশনকে এক কোটি টাকা প্রদান করবে ইপিলিয়ন গ্রুপ। গতকাল রোববার বিকেলে হকি ফেডারেশন ও ইপিলিয়ন গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান (অব) বলেন, ‘সব কিছু ঠিক থাকলে ২৬ মে দুই দল জাপানের উদ্দেশ্যে রওনা হবে। এই টুর্নামেন্টে ব্যয়ের প্রায় ৪৫ শতাংশ এর মাধ্যমে হবে বাকিটা আমরা জোগাড় করব।’ ইপিলিয়ন গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাদেকুজ্জামান খান বলেন, ‘আমরা হকি ফেডারেশনকে এই টুর্নামেন্টের জন্য এক কোটি টাকার স্পন্সর করছি। ইপিলিয়ন গ্রুপ খেলাধূলার উন্নয়নে কাজ করে। ইতোপূর্বে আমরা ফুটবল, ক্রিকেট ও কাবাডিতে পৃষ্ঠপোষকতা করেছি। এবার হকিতে সম্পৃক্ত হয়েছি।’ অনেক পৃষ্ঠপোষক ফুটবল, ক্রিকেট কিংবা অন্য খেলায় জাতীয় দলে স্পন্সর করে। তৃণমূলে খেলোয়াড় তুলে আনার জন্য পৃষ্ঠপোষক সেই হিসেবে কম। ইপিলিয়ন গ্রুপ খেলার উন্নয়নে মূলত মনোযোগ, ‘আমরা আসলে চাই খেলোয়াড়দের ভিত তৈরি করতে। আজ যারা হকির অনূর্ধ্ব-১৮ তারাই কয়েক দিন পর জাতীয় দলে খেলবে। আমরা হকির উন্নয়ন পার্টনার হিসেবে থাকতে চাই।’
বাংলাদেশ নারী হকিতে পৃষ্ঠপোষকতা করেছে ব্র্যাক ব্যাংক। তারাও হকির উন্নয়ন পার্টনার। তাই ইপিলিয়ন গ্রুপকে পুরুষ হকির সঙ্গী হওয়ার আহ্বান সাধারণ সম্পাদকের, ‘ব্র্যাক ব্যাংক নারী হকি নিয়ে কাজ করছে।
ডুপ্লিকেশনের সুযোগ নেই, তাই আমরা অনুরোধ করব ইপিলিয়ন গ্রুপকে পুরুষ হকির উন্নয়নে সহযোগী হওয়ার।’ ইপিলিয়ন গ্রুপের কর্ণধার রিয়াজউদ্দিন আল মামুন বিশিষ্ট ক্রীড়া সংগঠক। এক সময় ক্রিকেট বোর্ডের পরিচালক তার নিজ জেলা নারায়ণগঞ্জ ও বিভিন্ন খেলায় স্পন্সর করেছে তার প্রতিষ্ঠান ইপিলিয়ন।
২০১৫ সালে ইপিলিয়ন গ্রুপ অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপে স্পন্সর করেছিল। বাফুফের তৎকালীন সহ-সভাপতি ও ডেভলপমেন্ট কমিটির চেয়রাম্যান বাদল রায়ের সাংগঠনিক দক্ষতায় সেই টুর্নামেন্ট থেকে মেধাবী ফুটবলার বাছাই করেছিল। পরবর্তীতে সেই ফুটবলাররাই সিলেটে সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল।
