দুধের শিশুকে রেখে বিশ্বকাপে নাসরিন

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সন্তানের বয়স মাত্র ১ বছর। এই দুধের শিশুকে রেখেই দেশ ছাড়তে হচ্ছে নাসরিন আর্চার আক্তারকে। আগামী ৫ থেকে ১০ মে চীনের সাংহাইয়ে বসছে বিশ্বকাপ আর্চারি স্টেজ-২ চ্যাম্পিয়নশিপের আসর। সেখানেই খেলতে গেলেন বাংলাদেশের অন্যতম সেরা এ নারী আর্চার। গতকাল রোববার দুপুর ২টায় চায়না ইষ্টার্ন এয়ারের একটি ফ্লাইটে সাংহাইয়ে পৌঁছে ২০ সদস্যের বাংলাদেশ দল। বিশ্বকাপের আসরে বাংলাদেশ রিকার্ভণ্ডকম্পাউন্ড মিলিয়ে ১০ ইভেন্টেই অংশ নিতে যাচ্ছে। লাল সবুজের জার্সি পরে এবার ১৩ আর্চার খেলবেন। এর মধ্যে রিকার্ভ ইভেন্টে নাসরিন আক্তার অন্যতম। ১৩ মাসের সন্তান রেখে দেশের জন্য বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই আর্চার। দেশ ছাড়ার আগে নাসরিন বলেন, বিষয়টি মা হিসেবে একটু কঠিনই। কারণ আমার সন্তান এখনও অবুঝ। মাকে খুঁজবে কিছুক্ষণ পরপরই। এরপরও দেশের জন্য বিশ্বকাপে খেলতে যাচ্ছি। সন্তানকে রেখে খেলতে যাওয়ার ক্ষেত্রে স্বামী ও পরিবারের অনেক সহায়তা পেয়েছেন নাসরিন। বলেন, স্বামী ও পরিবারের সহায়তা না থাকলে আমার পক্ষে দেশের বাইরে খেলতে যাওয়া সম্ভব ছিল না। তারা সন্তানকে দেখাশোনা করতে পারবে। এরপরও সন্তান তো মাকে খুঁজবে, কান্নকাটিও করবে। আর্চারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক নাসরিনের দৃঢ়তার প্রশংসা করে বলেন, নাসরিন মিশনে ছিল কঙ্গোতে। সেখানে এক বছর কাজ করে আর্চারিতে ফিরেছে। মা হওয়ার পরও তার স্কোর সে পর্যায়ে রয়েছে।

চীন বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে কোচ মার্টিন বলেন, সামনে এশিয়ান গেমসে আমরা মূলত সে টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই যাচ্ছি। পাশাপাশি বিশ্বকাপেও ভালো ফলাফল করতে চাই।

এদিকে, এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী তিনজন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল ৪০০ ডলার করে পুরস্কৃত করেছেন। পাশাপাশি অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে তিন কোচিং স্টাফও এবার তার কাছ থেকে ২০০ ডলার পুরস্কার পেয়েছেন।