বাফুফের ‘ইয়েস কার্ড’ পেল ৩৬ কিশোর
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ থেকে বাছাইকৃত ১২৮ জন আবার ‘পরীক্ষা’ দিলেন। সেখানে ভালো করে ‘ইয়েস কার্ড’ পেলেন ৩৬ জন। বয়সভিত্তিক দলের পাইপলাইন ঠিক রাখতে এই কিশোরদের একাডেমিতে অনুশীলনের সুযোগ করে দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত বছর জাতীয় অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে বাফুফে। টুর্নামেন্ট চলাকালেই সম্ভাবনাময় উঠতিদের বাছাই করে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। সেই বাছাইকৃতদের নিয়ে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ট্রায়াল চলে। সেখানে তাদের নতুন করে পরখ করে দেখেন বাফুফের কোচেরা। গতকাল সোমবার ৩৬ জনকে দেওয়া হয় ‘ইয়েস কার্ড।’
আগামী দিনগুলোতে বয়সভিত্তিক অনান্য ক্যাটাগরিতেও একইভাবে বাছাই এবং ট্রায়ালের কার্যক্রম চালিয়ে যেতে চান অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম। ‘বাফুফে আমাকে যে দায়িত্ব দিয়েছিল, আজকে সেটা আমি সফলভাবে শেষ করলাম। জাতীয় অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে এক হাজার ৫০ জন খেলোয়াড় অংশ নিয়েছিল, সেখান থেকে আমরা ৩৬ জনকে বাছাই করেছি। ভবিষ্যৎ একটা পাইপলাইন তৈরি করার জন্য আমাদের যে একাডেমি আছে, সেখানে এই ছেলেদের অনুশীলনের সুযোগ দেওয়া হবে। ফুটবলের উন্নয়নে শক্তিশালী পাইপলাইন প্রয়োজন। এজন্য আমরা অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের বাছাই করলাম। সামনে অন্য বয়স ক্যাটাগরিতেও এটা করা হবে। আমাদের অনূর্ধ্ব-১৭ এর কার্যক্রম চলমান আছে, সেখান থেকেও আমরা অনূর্ধ্ব-২০, ২৩ এর খেলোয়াড় পেয়ে যাব।
