ব্যাট ছুড়ে শাস্তির কবলে জ্যোতি

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে একের পর এক ম্যাচ হেরে এমনিতে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। মন ভাল থাকার কথা নয় দলের অধিনায়কের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ভীষণ উত্তেজনাকর মুহূর্তে আউট হওয়ায় আর মেজাজ ধরে রাখতে পারেননি নিগার সুলতানা জ্যোতি। ক্ষোভে ব্যাট ছুঁড়ে মারেন মাটিতে। এমন আচরণের দায়ে শাস্তি পেলেন টাইগ্রেস অধিনায়ক। আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে নিগারকে তিরস্কার করেছে আইসিসি। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এই ধারায় ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেটের সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জামের অপব্যবহারের’ কথা বলা হয়েছে। গত শনিবার সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই ঘটনা ঘটে। বৃষ্টির বাধায় ৯ ওভারে নেমে আসা ম্যাচে ৮৮ রানের লক্ষ্য তাড়া করছিল বাংলাদেশ। শেষ ওভারে যখন দলের প্রয়োজন ১৪ রান, প্রথম বলে ক্যাচ দিয়ে ফেরেন নিগার। আউট হয়ে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। মাঠ ছাড়ার আগে ব্যাট ছুঁড়ে মারেন অভিজ্ঞ ব্যাটার। নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের দেওয়া শাস্তি মেনে নেন নিগার। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচটি ৩ রানে হেরে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশড হয় বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষেই ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও টপ অর্ডার ব্যাটার শারমিন সুলতানা।