আম্পায়ার-ম্যাচ রেফারিদের চুক্তির মেয়াদ বাড়াল বিসিবি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির চতুর্থ সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাডহক কমিটির মেয়াদ পূর্তির আগেই নির্বাচন দিতে চাইছে তারা। গতকাল বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বিসিবির অ্যাডহক কমিটির চতুর্থ সভায় নির্বাচনকে সামনে রেখে ১৯২ জন কাউন্সিলরের নাম চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী তিন ক্যাটাগরিতে মোট ১৯২ জন কাউন্সিলরের নাম চাওয়া হবে।
এর জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব এবং সংগঠনের তালিকা চূড়ান্ত করেছে বোর্ড। বিসিবি দ্রুতই এসব সংস্থা, ক্লাব ও সংগঠনকে চিঠি পাঠিয়ে তাদের মনোনীত কাউন্সিলরদের নাম আগামী ১৬ মের মধ্যে জমা দিতে বলবে।
বিসিবির এই অ্যাডহক কমিটির সভায় আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নিয়েও সিদ্ধান্ত এসেছে। গত ৩০ এপ্রিল বর্তমান আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
বোর্ড তাঁদের চাকরির মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুমোদন দিয়েছে।
জেলা কোচ নিয়োগের বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়েছে। বর্তমান জেলা কোচদের চুক্তির মেয়াদ শেষ হলে ৬৪টি জেলায় নতুন কোচ নিয়োগের জন্য আবেদনকারীদের মূল্যায়ন করতে একটি কমিটি গঠন করা হবে। এ প্রক্রিয়ায় আবেদনকারীদের তাত্ত্বিক ও ব্যবহারিক-উভয় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হবে।
