রোববারের মধ্যে চূড়ান্ত হবে হামজাদের কোচ
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
হঠাৎই বাংলাদেশ সফরে এসেছেন হামজা চৌধুরী। অন্যান্য সময় জাতীয় ফুটবল দলের অ্যাসাইনমেন্ট থাকলেও এবার এসেছেন বিজ্ঞাপনী সংস্থার অ্যাসাইনমেন্টে। সেই সফরের অংশ হিসেবে শুক্রবার নতুন কুঁড়ি স্পোর্টসের খেলা দেখতে মোহাম্মদপুরে ফিজিক্যাল মাঠে গিয়েছিলেন লেস্টার সিটির এই পোস্টার বয়। সেখানে কিশোর-কিশোরীরা তাকে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে পড়েছিল। ছবিও তুলে রাখেন অনেকে। এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকে হামজাসহ বিদেশি কোচ নিয়োগ নিয়ে অনেক কথাই বলতে হয়েছে। তাবিথ আউয়াল নতুন কুড়ি স্পোর্টস নিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘নতুন কুঁড়িতে ৪৫ হাজার মেয়ে রেজিস্ট্রেশন করেছে খেলার জন্য। তো এটা বাংলাদেশের জন্য একটা খুবই মাইলফলক ব্যাপার। হামজা চৌধুরীকে সব ক্রীড়াবিদ স্টার হিসেবে গণ্য করে।
প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব এবং হামজা মিলে যে ইন্সপিরেশনটা দিয়েছেন, খালি আজকের এই ফিজিক্যালের মাঠে না, আপনাদের মাধ্যমে যে বার্তাটা পুরো বাংলাদেশে যাবে, তাতে অনেক ইয়াং তরুণ এবং তরুণীরা ইন্সপিরেশন পাবে খেলাধুলাতে থাকার জন্য এবং ভবিষ্যতে খেলার মাধ্যমে নিজেকে গড়ে তোলার জন্য।’
বিদেশি কোচ নিয়োগ নিয়ে বাফুফে সভাপতি বলেছেন, ‘১১ জনের ইন্টারভিউ বর্তমানে অনলাইনে চলছে।
আগামীকালও হবে। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি ইন্টারভিউগুলো নিচ্ছে।
যখন ১১ জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত নেবো।
