আবাহনীর জয়ের দিনে হোঁচট খেল বসুন্ধরা

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখে আবাহনী লিমিটেড। টানা আট ম্যাচে জিতে শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকা বসুন্ধরার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আকাশী হলুদ শিবির। অন্যদিকে হোঁচট খেয়েছে বসুন্ধরা কিংস। নিজেদের মাঠে তারা ড্র করেছে পুলিশের সঙ্গে। গতকাল শুক্রবার গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ২-০ গোলে হারায় পিডব্লুডিকে। ৪৫ মিনিটে সুলেমান বিয়াবাতের গোলে এগিয়ে যায় আবাহনী। ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শাহ কাজেম কিরমানি। শেষে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকার আকাশী হলুদ শিবির। এই জয়ে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আবাহণী। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবমস্থানে পিডব্লুডি।

এদিকে কিংস অ্যারেনায় ঘটে লংকাকাণ্ড। খেলোয়াড় পরিবর্তনে এই সমস্যার সৃষ্টি হয়। খেলা বন্ধ থাকে প্রায় ৭২ মিনিট। ঘটনাবহুল ম্যাচের ৬৩ মিনিটে বিদেশি খেলোয়াড় বদলি নিয়ে তৈরি হয় এই জটিলতা। কিংসের প্রধান কোচ বিএ জোবায়ের নিপুর কথায়, ‘৬২ মিনিটে পুলিশের হেনরিক দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়নে। পরে দেশি ফুটবলারের পরিবর্তে বিদেশি প্লেয়ার নামানোর চেষ্টা করে পুলিশ। এ নিয়ে আমরা প্রতিবাদ জানাই। কারণ নিয়ম হচ্ছে, দেশি ফুটবলারের পরিবর্তে নামবেন দেশি ফুটবলার। এ নিয়ে তর্কেবিতর্কে এই সময় পেরিয়ে যায়। ম্যাচ কমিশনারই মূলত এই সময় বিঘ্নর জন্য দায়ী।’ তবে পুলিশের এক ফুটবলার জানান, ‘আগে পিডব্লুডির বিপক্ষে আমরা একজন দেশি ফুটবলারের পরিবর্তে বিদেশি নামিয়েছিলাম। ওই ম্যাচে এমন পরিবর্তন করতে পারলে এই ম্যাচে কেন হবে না। তাহলে এমন বিষয়ে কি অজ্ঞ ম্যাচ কমিশনার তৈয়ব হাসান?’ ৩৫ মিনিটে কিংসের ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোল করলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু ৫৩ মিনিটে ম্যাচে সমতায় ফেরান পুলিশের পাওলো হেনরিক। পরে ৮৬ মিনিটে রিমন হোসেন দুই হলুদ কার্ড দেখলে বসুন্ধরাও দশজনের দলে পরিণত হয়। এই ড্রয়ে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কিংস। ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সমান ম্যাচ খেলা পুলিশ।

অন্যদিকে মানিকগঞ্জের শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে ফর্টিজ এফসি ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ফকিরেরপুল ইয়ংমেনসকে। ফর্টিসের হয়ে চারটি গোল করেন পা ওমর বাবু। এই জয়ে ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ফর্টিজ। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তলানিতে ফকিরেরপুল।