সৌরভ-রহিমের নৈপুণ্যে জয়ে ফিরল মোহামেডান
প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

শুরুতেই মোহামেডানের পথ আগলে দাঁড়াল পোস্ট। এরপর প্রতিরোধ গড়লেন আরামবাগ গোলকিপার আজাদ হোসেন। দ্বিতীয়ার্ধে স্বরূপে ফিরল মোহামেডান। আজাদের দেয়ালে চিড় ধরালেন সৌরভ দেওয়ান, ব্যবধান দ্বিগুণ করলেন বদলি নামা রহিম উদ্দিন। সহজ জয়ে লিগ টেবিলে একটু উপরে উঠল সাদাকালো জার্সিধারীরা। গতকাল শনিবার মানিকগঞ্জে বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় লেগে আরামবাগকে ২-০ গোলে হারিয়েছে মোহামেডান। দুই দলের প্রথম ম্যাচটি হয়েছিল ১-১ ড্র। এই জয়ে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে আছে মোহামেডান। ১৬ রাউন্ড শেষে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ১৫ পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারত মোহামেডান। বাম দিকের বাইলাইনের ওপর থেকে জুয়েল মিয়ার বাড়ানো পাসে টোকা দেন স্যামুয়েল বোয়াটেং, কিন্তু বল পোস্টে লেগে ফিরে। অষ্টাদশ মিনিটে বক্সের ভেতরে বলের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে ঘানার ল্যানটেই মিলসের বুক অবদি পা তোলেন মোহামেডানের মিনহাজ রাকিব, ব্যথায় মাটিতে শুয়ে পড়েন তিনি, এরপর কিছুক্ষণ চিকিৎসা নিয়ে মাঠ ছাড়েন মিলস।
ফাউলের বাঁশি বাজাননি রেফারি। ৪০তম মিনিটে শান্তর থ্রু পাস ধরতে সৌরভ ছুটেছিলেন বক্সে, কিন্তু তিনি পৌঁছানোর আগেই দারুণ ক্ষিপ্রতায় পোস্ট ছেড়ে বেরিয়ে বিপদমুক্ত করেন আজাদ। একটু পর আরিফের শট ঝাঁপিয়ে আটকান তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে মিলসের ক্রসে বক্সে অরক্ষিত কুয়ামে কিজিতো হেড লক্ষ্যে রাখতে পারেননি। বলের অবস্থানের তুলনায় একটু বেশি লাফিয়ে ওঠায় ঘানার এই ফরোয়ার্ডের হেডে বল নিচে ড্রপ খেয়ে ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়। সুবর্ণ সুযোগ নষ্ট হয় আরামবাগের। ৫০তম মিনিটে মোহামেডানকে আবারও হতাশ করেন আজাদ। তবে, পরের মিনিটে আর পারেননি তিনি। সাইফুলের পাসের নাগাল বোয়াটেং পাননি, পোস্ট ছেড়ে বেরিয়ে আসা আজাদও ক্লিয়ার করতে পারেননি। আলগা বল অনায়াসে জালে জড়িয়ে দেন সৌরভ। ৭৫তম মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। ডান দিক দিয়ে বক্সে ঢুকে আরিফের কাটব্যাকে ১০ মিনিট আগে বদলি নামা রহিম নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন। বাকি সময় নির্বিঘ্নে পার করে, পঞ্চম জয় তুলে নেয় আব্দুল কাইয়ুম সেন্টুর দল।
দিনের অন্য ম্যাচে, মুন্সিগঞ্জে পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্তের জোড়া গোলে ৩-১ ব্যবধানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আশা জাগানিয়া শুরু অবশ্য পেয়েছিল রহমতগঞ্জই। দশম মিনিটে জাভেদ আহমেদের গোলে এগিয়ে যায় তারা। ৩৫তম মিনিটে শায়েক সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতে শাহিন আহমেদ আত্মঘাতী হলে পিছিয়ে পড়ে রহমতগঞ্জ। ৭১তম মিনিটে শায়েকের দ্বিতীয় গোলে জয়ের পথে এগিয়ে যায় ব্রাদার্স। এই হারে এক ১৯ পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে রহমতগঞ্জ। ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ব্রাদার্স। মোহামেডানের বিপক্ষে হারের পর ১৪ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের ঠিক উপরে আছে আরামবাগ, ১০ দলের মধ্যে অষ্টম।
