মালদ্বীপে রোনান সুলিভানকে নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ
প্রকাশ : ১২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। ১ থেকে ১০ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই আসরের অন্য দুই দল পাকিস্তান ও আফগানিস্তান। শুরুতে এই টুর্নামেন্টে অলিম্পিক দল পাঠানোর পরিকল্পনা ছিল। তবে পরে আয়োজকদের অনুরোধে জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেয় বাফুফে। আর সেই দলে অন্যদের মতোই যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানকে খুব করে চাইছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। দিন কয়েক আগে কোচ মারুফুল হক বাফুফের সঙ্গে প্রাথমিক দল নিয়ে আলোচনা করেছেন। একই সময়ে দুটি জাতীয় দলের কার্যক্রম থাকায় খেলোয়াড়দেরও ভাগ করে নিতে হচ্ছে।
