নারী ফুটবল দলের সঙ্গী হলো ‘গ্লো অ্যান্ড লাভলী’

প্রকাশ : ১২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের নারী ফুটবল দলের ‘ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার’ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সঙ্গে ?চুক্তি করেছে ইউনিলিভার বাংলাদেশের স্কিনকেয়ার ব্রান্ড ‘গ্লো অ্যান্ড লাভলি’। গতকাল সোমবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই পার্টনারশিপের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বাফুফে প্রতিনিধি, ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, গোলরক্ষক ইয়ারজান বেগম ও মিডফিল্ডার উমেলা মারমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বলা হয়, চুক্তির আওতায় আগামী দুই বছর জাতীয় নারী ফুটবল দলের ট্রেনিং ও গ্রোথ ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত থাকবে গ্লো অ্যান্ড লাভলি। এর মাধ্যেমে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়দের ব্যক্তিগত উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রমেও সহায়তা করা হবে। চুক্তির অংশ হিসেবে দলের অফিসিয়াল প্র্যাকটিস ও ট্রেনিং-সংক্রান্ত অ্যাসেট, ট্রেনিং কিট এবং বাফুফে নিয়ন্ত্রিত নির্বাচিত কমিউনিকেশন প্ল্যাটফর্মে গ্লো অ্যান্ড লাভলির লোগো প্রদর্শিত হবে। ইউনিলিভার বাংলাদেশের বিউটি অ্যান্ড ওয়েলবিং হেড জাহিন ইসলাম বলেন, “গ্লো অ্যান্ড লাভলি অনেক বছর ধরেই নারীর মেধাবিকাশ ও উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় তাদেরকে (নারী ফুটবলার) পরবর্তী দুই বছরের জন্য আমরা ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হিসেবে সাপোর্ট দেব।”

বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বলেন, “গ্লো অ্যান্ড লাভলির সঙ্গে এই সম্পৃক্ততা নারীদের প্রতিভার স্বীকৃতির ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি, এর মাধ্যমে নারী ফুটবল বাংলাদেশের বড় অ্যাম্বাসেডর হয়ে দাঁড়াবে।”

বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন, “ট্রেনিং অ্যান্ড গ্রোথ ডেভেলপমেন্টের মত গুরুত্বপূর্ণ জায়গায় তাদের (গ্লো অ্যান্ড লাভলি) সাপোর্ট পাওয়া আমাদের জন্য অনুপ্রেরণার। আমি বিশ্বাস করি, এই পার্টনারশিপ শুধু বর্তমান খেলোয়াড়দের নয়, ভবিষ্যতের ফুটবলারদেরও উৎসাহ দেবে।”

অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি বলেন, “এবারের সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের হ্যাট্রিক শিরোপার সুযোগ রয়েছে। সেখানে আমরা এই পার্টনারশিপকে কাজে লাগাতে চেষ্টা করবো”।