কিংস-আবাহনী নয়, এএফসি টুর্নামেন্ট খেলবে ফর্টিজ
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন দল এএফসি ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। গত আসরের চ্যাম্পিয়ন মোহামেডান এএফসি ক্লাব লাইসেন্সিং না করায় খেলতে পারেনি।
এবার শিরোপার লড়াইয়ে রয়েছে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। তাদের দুই দলের কেউই আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে পারবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য ৬টি দল আবেদন করেছিল। সেই আবেদন পর্যালোচনা করে বাফুফের সংশ্লিষ্ট কমিটি ফর্টিজ এফসি ও বাংলাদেশ পুলিশকে লাইসেন্সের অনুমোদন দিয়েছে। এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে এই দুই ক্লাব। গতকাল (সোমবার) দুটি ক্লাবই ফেডারেশনের চিঠি পেয়েছে।
বর্তমানে এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের একটি স্লট রয়েছে। চলমান প্রিমিয়ার লিগে ফর্টিজের তৃতীয় স্থান নিশ্চিত। ফলে তারা চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। ২০২২-২৩ মৌসুম থেকে ফর্টিজ এফসি প্রিমিয়ার লিগে খেলছে। চার মৌসুমের মধ্যে তারা লিগ বা কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি।
তবে নিয়মতান্ত্রিক ও পেশাদার আঙ্গিকে ক্লাব পরিচালনা করে অল্প সময়েই সুনাম অর্জন করেছে। এরই পরিপ্রেক্ষিতে এবার ঘরোয়া অঙ্গন পেরিয়ে খেলার সুযোগ পাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে।
পুলিশ এফসি এখন পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে। পরের দুই ম্যাচে হারলে পজিশন হেরফের হতে পারে। তবে বাংলাদেশ পুলিশের কোচ আসিফুজ্জামানও আশা করছেন আন্তর্জাতিক পর্যায়ে খেলার, ‘লিগের দুই ম্যাচ বাকি থাকলেও আমাদের পক্ষে ফর্টিজের উপরে উঠা সম্ভব নয়। গত আসরে অন্য দেশের লাইসেন্সিং না থাকায় বাংলাদেশ থেকে দু’টি ক্লাব অংশগ্রহণ করেছিল। এবারও যদি এরকম হয় তাহলে পুলিশও খেলার সুযোগ পাবে।’
দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও অনেক ভূমিকা রয়েছে পুলিশের। সত্তর দশক থেকে পুলিশ ফুটবলের সঙ্গে সম্পৃক্ত।
প্রায় এক দশক শীর্ষ পর্যায়ের লিগে খেলছে। কখনও এএফসি আসরে খেলার সুযোগ তৈরি হয়নি এবং এএফসি লাইসেন্সও হয়েছে এবারই প্রথম।
বাংলাদেশ ফুটবল লিগে সবচেয়ে বেশি বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী।
বিদেশি ফুটবলারদের পাওনা পরিশোধ না করায় ফিফার নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ক্লাবটির কর্মকর্তা সত্যজিৎ দাশ রুপু বলেন, ‘এবার আমাদের এএফসি টুর্নামেন্ট খেলা হচ্ছে না।
ফিফার নিষেধাজ্ঞা কাটানোর প্রক্রিয়া চলছে। আশা করছি ঘরোয়া ফুটবলে নির্ধারিত সময়ের মধ্যে দলবদলে অংশগ্রহণ করার।’
টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া বসুন্ধরা কিংসও ফিফার নিষেধাজ্ঞার মধ্যে। এএফসি ক্লাব লাইসেন্সিং হয়নি তাদেরও। আগামী মৌসুমে সকল নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ফুটবলে দলবদল করতে পারে কি না সেটাই বড় শঙ্কার বিষয়।
