বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে কেন নেই দিবালা
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
পাওলো দিবালা আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য। ফাইনালে টাইব্রেকারে গোলও করেছিলেন। বিশ্বকাপে মাঠে দিবালার জন্য বলার মতো মুহূর্ত ছিল সেই একটিই। কারণ, ২০২২ বিশ্বকাপে দিবালা সব মিলিয়ে মাঠে ছিলেন মাত্র ১৭ মিনিট। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলেছেন ১৬ মিনিট এবং ফাইনালে মাত্র এক মিনিট। এরপরও বিশ্বকাপজয়ী দলের সদস্য বলে কথা! এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! কিন্তু ২০২৬ বিশ্বকাপে সেই সুযোগটুকুও মিলছে না দিবালার। আর্জেন্টিনার ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক দলেই যে জায়গা হয়নি এ ফরোয়ার্ডের। দিবালার বাদ পড়াটা ভক্তদের জন্য হতাশাজনক হলেও একেবারে বিস্মিত হওয়ার মতোও ঘটনা নয়। ৩২ বছর বয়সী সাবেক এই জুভেন্টাস তারকার প্রতিভা নিয়ে কখনো প্রশ্ন ছিল না। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিকভাবে ফিটনেস ধরে রাখতে না পারা আর নির্দিষ্ট ভূমিকায় মানিয়ে নেওয়ার বিষয়টাই শেষ পর্যন্ত বড় হয়ে দাঁড়িয়েছে বারবার। এবারও একই কারণে তাকে ছাড়াই প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
