নাহিদ রানার সাফল্যের মুকুটে নতুন পালক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত সময় পার করছেন পেসার নাহিদ রানা। বল হাতে আগুন ঝরিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছেন বাংলাদেশের এই গতি তারকা। প্রাপ্তি ডালায়, অর্জনের মালায় ভেসে যাচ্ছেন তিনি। দ্রুত গতির এই বোলারের সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আগুন ঝরা বোলিংয়ের দারুণ এক স্বীকৃতি পেয়েছেন নাহিদ রানা। আইসিসির ‘প্লেয়ার অব দ্যা মান্থ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই ফাস্ট বোলার। এপ্রিলের সেরার লড়াইয়ে তিনি হারিয়েছেন ওমানের জাতিন্দার সিং ও সংযুক্ত আরব আমিরাতের আজায় কুমারকে। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম গত বৃহস্পতিবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। শ্রীলঙ্কার ইমেশা দুলানি ও ব্রাজিলের লরা কার্দোসাকে পেছনে ফেলে নারী ক্রিকেটারদের মধ্যে সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদ। তিন ম্যাচে ১৬.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.৪৬ রান দিয়ে সর্বোচ্চ আট উইকেট নিয়ে সিরিজ সেরা হন তিনিই। প্রথম ম্যাচে খরুচে বোলিং করলেও, পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ান নাহিদ। গতির ঝড়ে কিউই ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছাড়েন তিনি। তীব্র গরমেও সেদিন তার ১০ ওভারের মধ্যে একটি ছাড়া বাকি সব ডেলিভারিতে গতি স্পর্শ করে ১৪০ কিলোমিটার। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন তিনি স্রেফ ৩২ রানে। সিরিজ নির্ধারণী ম্যাচেও আলো ছড়ান নাহিদ। ১০ ওভারে ৩৭ রান দিয়ে নেন দুই উইকেট।
২৩ বছর বয়সী নাহিদ এই প্রথম আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন। গত বছরের এপ্রিলে মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি। মিরাজ ও নাহিদ ছাড়া এই সম্মাননা পেয়েছেন বাংলাদেশের আর কেবল দুজন পুরুষ ক্রিকেটার- সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে পারফর্ম করে সেরা হওয়াটা বেশি তৃপ্তি দিচ্ছে নাহিদকে। ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াটা দারুণ এক অনুভূতি। দেশের মাটিতে এমন পারফরম্যান্স সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে এবং সিরিজটি আমি সবসময় মনে রাখব। আমার সতীর্থদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে নিরন্তর সমর্থন দিয়েছে এবং আমার ওপর বিশ্বাস রেখেছে।
আশা করি, আমার দলের জন্য আরও জয় ও স্মরণীয় মুহূর্ত তৈরিতে অবদান রাখতে পারব।’ গত অক্টোবর ও ডিসেম্বরেও মাস সেরা হওয়া উলভার্ট এপ্রিলে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করেন। মাসের প্রথম দুই ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৯ করে রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক পরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রানের স্রোত বইয়ে দেন। পাঁচ ম্যাচে তিনটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেন এই ওপেনার।
