স্পন্সর ছাড়াই শুরু হচ্ছে জাতীয় অ্যাথলেটিকস
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
প্রায় দেড় বছর হতে চললো অ্যাথলেটিকসের বর্তমান অ্যাডহক কমিটির। এর মধ্যে দুটি জাতীয় সিনিয়র চ্যাম্পিয়নশিপ, একটি জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং একটি সামার অ্যাথলেটিকস মিটও করেছে। সবগুলোই ছিল বেসরকারী পৃষ্ঠপোষকতায়। শুধু আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের উপর নির্ভর করেই তাদের চলতে হচ্ছে। বিষয়টি স্বীকারও করেন সাধারন সম্পাদক মো. শাহ আলম। গতকাল শনিবার জাতীয় সিনিয়র মিটের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চারটি মিট আমাদেরকে করতে হয়েছে স্পন্সর ছাড়াই। মূলত আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের অর্থেই করতে হয়েছে।’
আজ শুরু হচ্ছে জাতীয় সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের খেলা। এবারের আসরে পুরুষ ও নারী দুই বিভাগে ৪০ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। যার মধে পুরুষদের ২২টি ও মেয়েদের ১৮টি ইভেন্ট রয়েছে। মাদার অব গেমস খ্যাত অ্যাথলেটিকসের প্রথম দিনেই আকর্ষনীয় ১০০ মিটার স্প্রিন্ট অনুষ্ঠিত হবে। ম্যারাথন হবে পূর্বাচলের ৩০০ ফিটে। জাতীয় স্টেডিয়ামের মাঠে সংস্কার কাজ চলায় সব থ্রো ইভেন্ট হবে আর্মি স্টেডিয়ামে। স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জজয়ীরা যথাক্রমে পাঁচ, তিন ও দুই হাজার টাকা করে পাবে। এছাড়া রেকর্ডধারী অ্যাথলেটরা পাবেন ২০ হাজার টাকা করে।
