বিসিবির কাউন্সিলর তালিকায় চমক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির বহুল আলোচিত নির্বাচন। শনিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ সময়। মোট ১৯২ জন কাউন্সিলরের বিপরীতে জমা পড়েছে ১৮৪টি কাউন্সিলরশিপ। ফলে নির্ধারিত সংখ্যার চেয়ে ৮টি কাউন্সিলরশিপ কম জমা পড়েছে।

বেশ কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা ও প্রতিষ্ঠান এবার কাউন্সিলরশিপ জমা দেয়নি। জেলা পর্যায়ে কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো কাউন্সিলরশিপ জমা পড়েনি। এছাড়া কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার বিডিপিও কাউন্সিলরশিপ জমা দেয়নি।

এদিকে নির্বাচনের আগে ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলর তালিকায় বেশ কিছু আলোচিত নাম না থাকায় তৈরি হয়েছে আলোচনা।

নির্বাচনে অংশ নিতে পারেন বলে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত কাউন্সিলরশিপ তালিকায় দেখা যায়নি ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু, মাহবুব আনাম, ইসতিয়াক সাদেক এবং লোকমান হোসেনের নাম। ঢাকার বিভিন্ন ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন আবাহনীর ফাহিম সিনহা, মোহামেডানের মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান বাদল, প্রাইম ব্যাংকের তানজিল চৌধুরী, বসুন্ধরা স্ট্রাইকার্সের তাসবির উল ইসলাম, ব্রাদার্স ইউনিয়নের ইসরাক হোসেন, পারটেক্স স্পোর্টিং ক্লাব ক্রিকেট ক্লাবের আজিজ আল কায়সার এবং সিটি ক্লাবের মইনুল হক মইন।

এছাড়া উত্তরা ক্রিকেট ক্লাব থেকে ফায়াজুর রহমান মিতু, ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে ইয়াসির ফয়সাল আশিক, ওল্ড ডিওএইচএস থেকে তামিম ইকবাল, কাকরাইল বয়েজ ক্লাব থেকে সালাউদ্দিন চৌধুরী, ট্রাই স্টেট ক্রিকেটার্স থেকে আমজাদ হোসেন, আজাদ স্পোর্টিং ক্লাব থেকে মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্স ক্রিকেট ক্লাব থেকে ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্র থেকে রফিকুল ইসলাম বাবু, ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব থেকে শানিয়ান তানিম, ফায়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব থেকে সাঈদ ইব্রাহিম আহমেদ এবং প্রগতি সেবা সংঘ থেকে সাব্বির আহমেদ কাউন্সিলর হয়েছেন।