৯০ বছর পূর্তি উৎসবে প্রধানমন্ত্রীকে চায় মোহামেডান

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দেশের ক্রীড়াঙ্গনে ঐতিহ্যবাহী এক নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। যার জন্ম হয়েছিল ১৯৩৬ সালে। দেখতে দেখতে ৯০ বছরে পা দিয়েছে ক্রীড়াপ্রেমীদের অন্যতম জনপ্রিয় এই ক্লাবটি। এ উপলক্ষে সাবেক-বর্তমান দেশি-বিদেশি খেলোয়াড় ও শুভানুধ্যায়ীদের নিয়ে জমকালো আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভাতেই ৯০ বছর পূর্তি উৎসবের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে মতিঝিল ক্লাব ভবনে ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু এমপি সাংবাদিকদের বলেন, ‘আমাদের ক্লাবের ৯০ বছর পূর্তি অনুষ্ঠান সকলকে নিয়ে বড় করে আয়োজন করব। ক্লাবের সদস্য, সাবেক খেলোয়াড়, শুভানুধ্যায়ী সবাইকে আমন্ত্রণ করা হবে। প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করতে চাই। তাই কবে কখন অনুষ্ঠান হবে সেটা আমরা পরে জানিয়ে দেবো।’ মোহামেডান ক্লাব আগে জাতীয় স্টেডিয়ামের পাশে ছিল। সেখান থেকে তিন দশক আগে মতিঝিল আরামবাগে স্থানান্তর হয়েছে। ক্লাবের এই জমি পাওয়ার পেছনে অবদান রেখেছিলেন তৎকালীন গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস। তাই ক্লাবের উন্নয়ন কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাকে। এ নিয়ে সভাপতি বলেন, ‘মাত্র ১ লাখ টাকার বিনিময়ে মোহামেডান ক্লাব এই জায়গা পেয়েছে। তৎকালীন গণপূর্ত মন্ত্রীর অবদান অনেক, তাই ক্লাবের এই জায়গা উন্নয়নের জন্য তাকেই উন্নয়ন কমিটির সভাপতি করা হয়েছে। মতিঝিলের পাশাপাশি সাভারে ২৫ একর জায়গাও উন্নত করা হবে।’ মোহামেডান ফুটবল, ক্রিকেট, হকিতে নিয়মিত অংশগ্রহণ করে। মাঝেমধ্যে দাবা, ব্যাডমিন্টন দলও গড়ে। তবে ক্লাবটির ইতিহাস-ঐতিহ্য এবং সাফল্যের মূলে ফুটবল। গত মৌসুমে ২২ বছর পর ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ক্লাবটি। নতুন কমিটি আগামী মৌসুমে ভালো দল গড়ার সিদ্ধান্ত নিয়েছে।

বরকত উল্লাহ বললেন, ‘আমরা এবার ক্রিকেটে ভালো দল গড়েছি। এরই ধারাবাহিকতায় ফুটবলেও বড় মানের দল গড়তে চাই। ক্রিকেট দল গঠনে আমাদের পরিচালক মাসুদুজ্জামান নিজেই অনেক অর্থ দিয়েছেন। আমাদের ফুটবল কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল দেশের শীর্ষ পর্যায়ের শিল্পপতি। আশা করি তার নেতৃত্বে ফুটবলেও বড় দল গঠন হবে।’ মোহামেডান এবারের ফুটবল লিগে ভালো করতে পারেনি। তবে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে। ১৯ মে কিংস অ্যারেনায় সেই ম্যাচ হওয়ার কথা।