বর্ষসেরা ক্রীড়াবিদের দৌড়ে হামজা-ঋতুপর্ণা-আমিরুল

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গত এক বছরে আলো ছড়িয়েছে একাধিক নাম! কেউ আন্তর্জাতিক ফুটবলে দেশের নতুন স্বপ্ন হয়ে উঠেছেন, কেউ নারী ফুটবলের সাফল্যের মুখ, আবার কেউ হকির বিশ্বমঞ্চে গড়েছেন ইতিহাস। মাঠের পারফরম্যান্স, জনপ্রিয়তা এবং প্রভাব-সবকিছু বিবেচনায় এবার বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিন ভিন্ন অঙ্গনের তিন তারকা। ফুটবলার হামজা চৌধুরী, নারী ফুটবলের পরিচিত মুখ ঋতুপর্ণা চাকমা এবং হকির রেকর্ডগড়া খেলোয়াড় আমিরুল ইসলামকে ঘিরেই জমে উঠেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা পুরস্কারের আলোচনা।

দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ এই স্বীকৃতির দৌড়ে কে শেষ পর্যন্ত এগিয়ে থাকবেন, সেই অপেক্ষা এখন ক্রীড়াপ্রেমীদের। তিনজনের মধ্য থেকেই অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে বছরের সেরা ক্রীড়াবিদের নাম।

একই সঙ্গে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের মনোনয়নেও জায়গা পেয়েছেন চার ক্রীড়াতারকা। ফুটবল থেকে হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমার পাশাপাশি ক্রিকেটার তানজিদ হাসান তামিম এবং হকি খেলোয়াড় আমিরুল ইসলাম রয়েছেন এই তালিকায়। জনপ্রিয়তা ও পারফরম্যান্সের সমন্বয়ে এই বিভাগে বিজয়ী নির্বাচন করা হবে। দেশের ক্রীড়া অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজন আগামী ২২ মে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ১৯৬৪ সালে দেশে প্রথমবারের মতো ক্রীড়াক্ষেত্রে পুরস্কার প্রদানের উদ্যোগ নেয়। সেই ধারাবাহিকতায় এবারও বিভিন্ন বিভাগে বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়া সংস্থাকে সম্মাননা দেওয়া হবে।

মোট ১৫টি বিভাগে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কৃত হবে। থাকছে অর্থ পুরস্কারও। গতকাল সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচণ্ডবাংলা ব্যাংক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জিএম মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক ও খেলোয়াড় বাছাই কমিটির চেয়ারম্যান সুদীপ্ত আহমদ এবং বিদায়ী সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। দেশের অন্যতম কর্পোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ টানা ১১ বারের মতো এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে। এবারের পুরস্কারে ফুটবলের প্রভাব সবচেয়ে বেশি চোখে পড়েছে। জাতীয় দলে যোগ দিয়ে আলোচনায় থাকা হামজা চৌধুরী বর্ষসেরা ফুটবলারের মনোনয়ন পেয়েছেন।