নাটকীয়তার পর বাফুফে জানাল ফাইনাল কিংস অ্যারেনাতেই!
প্রকাশ : ২০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
নজিরবিহীন নাটকীয়তার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগের নির্ধারিত ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনাতেই হবে ফেডারেশন কাপের ফাইনাল। গতকাল মঙ্গলবারের বদলে একদিন পিছিয়ে আজ বুধবার মাঠ গড়াবে ম্যাচটি। কিংস অ্যারেনায় গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় ফেডারেশন কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। দুপুরের দিকে কিংস গণমাধ্যমকর্মীদের জন্য তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাফুফেকে পাঠানো চিঠি পোস্ট করে। সেখানে, ফাইনাল থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি প্রতিপক্ষকে শিরোপা দেওয়ার অনুরোধ জানানো হয়।
এদিন সকাল ১০টায় বাফুফের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি বসেছিল জাতীয় দলের কোচ ও ফেডারেশন কাপ ইস্যুতে জরুরি সভায়। সেই সভা শেষে দুপুর ১টা ১০ মিনিটে বাফুফে তাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে সিদ্ধান্ত। ‘বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যকার ‘ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬’ এর ফাইনাল ম্যাচটি গতকাল বিকাল ৫:৩০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু অনিবার্য কারণবশত ম্যাচটি গতকাল অনুষ্ঠিত হয়নাই।
