মোহামেডানের স্বপ্ন গুঁড়িয়ে ট্রেবল জয় বসুন্ধরা কিংসের

প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন কাপের ফাইনালটি কিংস অ্যারেনায় হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু কিংসের মাঠে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল মোহামেডান। পরে বাফুফের দেওয়া কঠোর নিরাপত্তাব্যবস্থার নিশ্চয়তার পর মাঠে গড়াল ফেডারেশন কাপের ফাইনাল। মাঠের একদিকে স্বাগতিক বসুন্ধরা কিংসের সমর্থকদের ঢাক-ঢোলের আওয়াজ, অন্যদিকে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের মোহামেডান সমর্থকদের নেচে-গেয়ে গগনবিদারী উল্লাস। এমন এক জমজমাট ম্যাচে রোমাঞ্চের নানা বাঁক পেরিয়ে মোহামেডানের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে শিরোপা জিতল বসুন্ধরা কিংস। গতকাল বুধবার কিংস অ্যারেনায় ৩-২ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। মোহামেডানের দুই গোলদাতা মোজাফ্ফরভ ও সৌরভ দেওয়ান।

ফেডারেশন কাপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো কিংস। প্রতিযোগিতায় এটি তাদের পঞ্চম শিরোপা। মোহামেডানের সামনে হাতছানি ছিল আবাহনীর রেকর্ড ১২ শিরোপা ছোঁয়ার। দুইবার এগিয়ে গিয়েও পারল না তারা। ২০২২-২৩ মৌসুমের পর এই ট্রফি জয়ের অপেক্ষাও বাড়ল তাদের। লিগে হতাশাজনক পারফরম্যান্সের পর, ফেডারেশন কাপের ফাইনাল ছিল মোহামেডানের জন্য সাফল্য পাওয়ার শেষ সুযোগ। তাদের ম্যাচের শুরুটাও ছিল দারুণ আশা জাগানিয়া। দৃষ্টিনন্দন ফ্রি কিকে পঞ্চম মিনিটে সাদাকালো জার্সিধারীদের উচ্ছ্বাসে ভাসান মোজাফ্ফরভ। বক্সের একটু ওপর থেকে উজবেকিস্তানের এই মিডফিল্ডারের নেওয়া কোনাকুনি শট চোখের পলকে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। কিংস গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। কিংস পাল্টা জবাব দেয় পরের মিনিটেই। সতীর্থের কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে স্যামুয়েল রাকসাম শট নেন, সেটা আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি সুজন হোসেন। রাকসাম ফিরতি শট নেওয়ার সময় জটলার ভেতরে পেছন থেকে চার্জ করে তাকে ফেলে দেন শাকিল আহাদ তপু। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানায় মোহামেডান। তবে রেফারির সিদ্ধান্ত বদলায়নি। সুজনকে বিপরীত দিকে ছিটকে দিয়ে লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন। সমতায় ফেরার পর, কিংস আক্রমণের ধার বাড়ায়। দ্বাদশ মিনিটে রাকিব হোসেনের ক্রস গোলমুখে দোরিয়েলতনের কাছে পৌঁছানোর আগেই কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত। সেই কর্নার থেকে কয়েক পা ঘুরে ফের বল পেয়ে যান রাকিব, বুটের টোকায় বল জালেও জড়ান; কিন্তু এর আগে তার সতীর্থ সোহেল রানার হাতে বল লাগায় রেফারি বাজান হ্যান্ডবলের বাঁশি।

জমে ওঠা ম্যাচে ২২তম মিনিটে পেনাল্টি পায় মোহামেডান। বক্সে শাফিকুল হাসানকে পেছন থেকে ফাউল করেন কিংস অধিনায়ক তপু বর্মন। রেফারির সিদ্ধান্ত নিয়ে তর্ক করে হলুদ কার্ড দেখেন দলটির ডিফেন্ডার রিমন হোসেনও। মোজাফ্ফরভের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন শ্রাবণ। ৩৪তম মিনিটে শ্রাবণ আর পারেননি মোহামেডানের গোছাল আক্রমণ আটকাতে। ডান দিক থেকে জাহিদ শান্ত কাটব্যাক করেন বক্সে, সাইফুল ডামি করলে বল পেয়ে যান তার পেছনেই থাকা সৌরভ। ডান পায়ের নিখুঁত প্লেসিং শটে ফেডারেশন কাপে নিজের সপ্তম গোলটি করেন এই ফরোয়ার্ড।

৪২তম মিনিটে শ্রাবণের দুর্দান্ত সেভে বেঁচে যায় কিংস। মাঝমাঠের একটু উপরে সোহেল রানার কাছ থেকে বল কেড়ে নেন রহমত মিয়ার।