বাংলাদেশ এখন সেরাদের সঙ্গে লড়তে প্রস্তুত

ওয়াসিম আকরামের মন্তব্য

প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

দেশের মাঠে কিংবা বাইরে, টেস্ট ক্রিকেটে এখন সবখানেই ভালো করতে শুরু করেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডির পর নিজেদের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ দলকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। টাইগারদের এখন বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত বলেও মনে করেন সাবেক এই অধিনায়ক। সিলেট টেস্টের শেষ দিন গতকাল বুধবার ৭৮ রানের জয়ে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ১০৪ রানে জিতেছিল স্বাগতিকরা।

বাংলাদেশের বিপক্ষে এনিয়ে টানা দুটি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হলো পাকিস্তান। একইরকম আগের তেতো স্বাদটি তারা পেয়েছিল নিজেদের মাটিতে; ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ১০ উইকেটে এবং দ্বিতীয়টিতে ৬ উইকেটে হেরেছিল স্বাগতিকরা। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র করে বাংলাদেশ। আর গত বছর শ্রীলঙ্কায় একটি টেস্ট ড্র করে তারা, আরেকটি হেরে যায়। নিউ জিল্যান্ডে গিয়েও টেস্ট জয়ের কীর্তি আছে বাংলাদেশের। ঘরের মাঠে সবশেষ পাঁচটি টেস্টই জিতেছে বাংলাদেশ।

স্পিন সহায়ক উইকেট থেকে বেরিয়ে এখন স্পোর্টিং উইকেট বানাচ্ছে বাংলাদেশ। এমন উইকেটে খেলেই পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় সিরিজ জয় পেয়েছে তারা। বাংলাদেশের ক্রিকেটের এমন অগ্রগতি নজর কেড়েছে ওয়াসিমের। মিরপুর টেস্টের শেষ দিনে পাকিস্তানকে ধসিয়ে দেন নাহিদ রানা। গতি ও বাউন্সে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছাড়েন তিনি। এই পেসার সেদিন ৪০ রানে ৫ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন বড় অবদান। সিলেটেও ভালো করেছেন নাহিদ। দুই ইনিংস মিলিয়ে পাঁচ শিকার ধরেছেন তিনি। দ্বিতীয় টেস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক পোস্টে আলাদাভাবে নাহিদের প্রশংসাও করেন ওয়াসিম। ‘বাংলাদেশের কাছে দ্বিতীয়বার পাকিস্তানকে হারতে দেখে সত্যিই হতাশ লাগছে। তবে জয়ী দলকে পুরো কৃতিত্ব দিতেই হবে, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলেছে। বাংলাদেশ সাধারণত ধীরগতির ও স্পিন-সহায়ক উইকেট বানাত, কিন্তু এখন তারা দারুণ টেস্ট উইকেট বানাচ্ছে, যা তাদের উদীয়মান পেসারদের সাহায্য করছে, আর এই পেসাররাই পাকিস্তানকে ছাপিয়ে গেছে।’

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এই সংস্করণের বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে এখন প্রতিদ্বন্দ্বিতা করতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। তাদের নাহিদ রানা কি অসাধারণ এক প্রতিভা, তার বোলিং দেখা সত্যিই দারুণ ব্যাপার। অভিনন্দন বাংলাদেশ।’