‘আমি কয়েক ঘণ্টা ধরে কেঁদেছি’

প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার পর, চোখের পানি ধরে রাখতে পারেননি নেইমার। সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিয়ে মুহূর্তটি উদযাপনের আবেগঘন ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেন এই তারকা। ব্রাজিলের সফলতম গোলস্কোরার বললেন, তখন লম্বা সময় কেঁদেছেন তিনি। গত সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে দলে রাখা হবে কি না, সেটা নিয়েই সবার কৌতূহল ছিল বেশি। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের নাম ঘোষণা মাত্র উল্লাসে-গর্জনে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। ২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোটে ছিটকে পড়ার পর, প্রথমবার জাতীয় দলে ফিরলেন ১২৮ ম্যাচ খেলা তারকা। নাম ঘোষণার মুহূর্তে সঙ্গী বিয়ানকার্দি ও ঘনিষ্ঠজনদের সঙ্গে নিজের কান্নার ভিডিও পরদিন সামাজিকমাধ্যমে পোস্ট করে নেইমার লেখেন, ‘আমার জীবনের সবচেয়ে আবেগঘন ও সুখের দিনগুলোর একটির দৃশ্য এরমধ্যেই ইউটিউব চ্যানেলে রয়েছে, ধন্যবাদ, ব্রাজিল।’

এবার ক্লাবের সান্তোস টিভিতে অনুভূতি প্রকাশ করতে গিয়ে দীর্ঘমেয়াদি চোট থেকে ফিরে আসার কঠিন যাত্রার কথা স্মরণ করলেন নেইমার। ‘আমি বেশ কয়েক ঘণ্টা ধরে কেঁদেছি, এখানে আসাটা সহজ ছিল না। আমার নাম ঘোষণার পর মনে হলো, যতকিছু (প্রতিকূলতা) পেরিয়ে এসেছি এবং এতসব প্রচেষ্টা সার্থক হয়েছে।’

সৌদি ক্লাব আল হিলালে চোট জর্জরিত অধ্যায় শেষে নিজেকে খুঁজে পাওয়ার আশায় ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। আবার জাতীয় দলে ফেরার ক্ষেত্রে এই ক্লাবের বড় ভূমিকা দেখছেন তিনি। ‘আপনাদের আগেও যেমনটা বলেছি, এখানে ফিরে এসে স্বচ্ছন্দ বোধ করি। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমার ডাক পাওয়াটা শুধু আমার জন্য নয়, এটা ছিল সেই সব মানুষের জন্য যারা এই প্রক্রিয়ার অংশ ছিলেন, যারা মাঠে ও মাঠের বাইরে আমার সঙ্গে ছিলেন, আমাদের নিরাপত্তা, শরীর ও খাবারের খেয়াল রেখেছেন।’