কোচ হিসেবে থমাস ডুলিকে মানছেন না সমর্থকরা

বাফুফে ভবনে বিক্ষোভ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে সাবেক মার্কিন ফুটবলার থমাস ডুলির নাম সামনে আসতেই সমর্থকদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কোচ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ও উচ্চ প্রোফাইল কোচ না এনে তুলনামূলক কম বাজেটের কোচ বেছে নেওয়ার অভিযোগ তুলে টানা দ্বিতীয় দিনের মতো বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেছেন ফুটবলপ্রেমীরা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পর বাফুফে এখন থমাস ডুলির সঙ্গে চুক্তির শেষ পর্যায়ে রয়েছে। যেকোনো সময় তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। তবে সম্ভাব্য এই নিয়োগ মেনে নিতে পারছেন না অনেক সমর্থক। বিক্ষোভে অংশ নেওয়া সমর্থকরা ‘বাংলাদেশ ফুটবল থেকে সিন্ডিকেট নিপাত যাক’ স্লোগান দেন। তারা বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর সমালোচনাও করেন। আন্দোলনে অংশ নেওয়া সমর্থক রাফি ইকবাল বলেন, ‘যেখানে ক্রীড়া মন্ত্রণালয় আর্থিক সহায়তা দিতে চেয়েছে, সেখানে আরও বড় বাজেটের কোচ আনা যেত। দেশের ফুটবলের স্বার্থে প্রয়োজনে আমরা সাধারণ মানুষের কাছ থেকেও অর্থ সংগ্রহ করব।’ সমর্থকদের আরেকটি বড় প্রশ্ন বয়স নিয়ে। বাফুফে আগে জানিয়েছিল ৬০ বছরের বেশি বয়সী কোচ বিবেচনায় থাকবে না, অথচ ডুলির বয়স বর্তমানে ৬৫ বছর। এছাড়া তিনি গায়ানায় তুলনামূলক কম বেতনে কাজ করেছেন বলেও দাবি করেন আন্দোলনকারীরা। তবে ডুলির পক্ষে যুক্তিও রয়েছে। খেলোয়াড় হিসেবে তিনি টানা দুই বিশ্বকাপ খেলেছেন এবং ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়ক ছিলেন। কোচ হিসেবেও ফিলিপাইনকে এশিয়ান কাপে তোলার কৃতিত্ব রয়েছে তার। এখন দেখার বিষয়, সমর্থকদের আপত্তির মধ্যেই শেষ পর্যন্ত ডুলিকেই বাংলাদেশের দায়িত্ব দেয় কি না বাফুফে।