ফাহাদকে স্বাগত জানাতে নিয়াজ বিমানবন্দরে
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তুরস্কের ইস্তাম্বুল শহরে চ্যাম্পিয়ন হয়ে একটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করেছেন। এটি তার দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের নর্ম। ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামে অনুষ্ঠিত হ্যানয় গ্র্যান্ডমাস্টারস দাবা থেকে তিনি প্রথম গ্র্যান্ডমাস্টারের নর্ম করেন। এবারেরটি মিলিয়ে তার ১৮ খেলায় দুটি নর্ম অর্জন হয়েছে। সাফল্য নিয়ে আজ ফাহাদ গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। ফাহাদকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার মেহদী হাসান পরাগ। ফাহাদকে শুভেচ্ছা জানিয়ে তারা বলেছেন, আমরা আন্তরিক অভিনন্দন জানাই দেশের এই মেধাবী দাবাড়ুকে। ফাহাদ রহমানের এই অসাধারণ সাফল্য বাংলাদেশের দাবার জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। ইনশাআল্লাহ খুব শিগগিরই বাংলাদেশের দাবা পরিবার পাবে নতুন এক গ্র্যান্ডমাস্টার।
