
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। বাফুফে আফিদাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেও সাফের আগে কোচ পিটার বাটলার অধিনায়ক বদল করেছেন। আজ ভারতের গোয়ায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে বাংলাদেশের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন মারিয়া মান্দা। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ অধিনায়ক বদল প্রসঙ্গে বলেন, ‘থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার আগে আফিদা খন্দকার অধিনায়ক ছিলেন। সেখানে দুই সপ্তাহ অনুীশলন ও পারফরম্যান্সের পর কোচ মারিয়াকে অধিনায়ক হিসেবে ঠিক করেছেন।
কোচের সিদ্ধান্তেই এটা হয়েছে।’ বাংলাদেশ নারী ফুটবল দলে প্রায় এক দশক অধিনায়কত্ব করেছেন সাবিনা খাতুন। তার অধিনায়কত্বেই বাংলাদেশ টানা দুই বার সাফ চ্যাম্পিয়ন। কোচ বাটলারের সঙ্গে দ্বন্দের পর থেকে তিনি দলে ডাক পান না। তখনই আফিদাকে অধিনায়ক করে সংযুক্ত আরব আমিরাত সফর করে বাংলাদেশ। এরপর মারিয়া, ঋতুপর্ণারা ফিরে দুর্দান্ত পারফর্ম করলেও আফিদাকেই অধিনায়ক রেখেছিলেন বাটলার। আফিদার পারফরম্যান্স ও সিনিয়রটি তেমন না হলেও অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ পর্যন্ত তাকেই রেখেছেন বাটলার। এত দিনের আস্থাভাজন আফিদার থেকে টুর্নামেন্টের আগ মুহুর্তে আর্মব্যান্ড কেড়ে নিয়েছেন।
আগামীকাল ভুটান-নেপাল ও ভারত-মালদ্বীপ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে ঈদের দিন ২৮ মে মালদ্বীপের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ ৩১ মে স্বাগতিক ভারতের বিরুদ্ধে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল ৩ জুন সেমিফাইনাল খেলবে। ৬ জুন টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ।
এবারের টুর্নামেন্ট বাংলাদেশের জন্য হ্যাটট্রিক মিশন। বাফুফে ভারতের গোয়ায় সাফ টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশকে থাইল্যান্ডের ব্যাংককে দুই সপ্তাহের ক্যাম্প করিয়েছে। সেখানে স্থানীয় দুই ক্লাবের বিপক্ষে দু’টি ম্যাচ খেলেছেন ঋতুপর্ণারা।