ক্রিকেটের নতুন বিস্ময়ের নাম নাবিল
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

ক্রিকেট কখনো কখনো এমন গল্প লিখে, যা কল্পনাকেও হার মানায়! দীর্ঘ সাত বছর জাতীয় দলের বাইরে থাকার পর ফিরে এসে কেউ যদি বিশ্বরেকর্ড গড়ে বসেন, সেটি শুধু পরিসংখ্যানের গল্প থাকে না-তা হয়ে ওঠে প্রত্যাবর্তনের এক আবেগঘন উপাখ্যান। ঠিক তেমনই এক অবিশ্বাস্য গল্পের জন্ম দিলেন নাবিল মাস্টার। আফ্রিকার উপ-আঞ্চলিক টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বতসোয়ানা ক্রিকেট দলের জার্সিতে মাঠে নেমে তিনি যেন আগুন ঝরালেন। প্রতিপক্ষ মালি ক্রিকেট দল বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপে পরিণত হলো তাদের ইনিংস। মাত্র ২.৪ ওভারে ২ রান দিয়ে ৬ উইকেট-পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এমন বোলিং আগে কখনো দেখা যায়নি! সংখ্যাটা অবিশ্বাস্য, কিন্তু তার চেয়েও অবাক করার মতো নাবিলের পথচলা! ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। তারপর যেন হঠাৎ করেই হারিয়ে যান। এক-দুই নয়, পুরো সাত বছর জাতীয় দলের বাইরে কাটাতে হয়েছে তাকে। অনেক ক্রিকেটারের জন্য এমন বিরতি মানেই গল্পের শেষ। কিন্তু নাবিলের জন্য সেটাই ছিল নতুন শুরুর অপেক্ষা। ফেরার ম্যাচেই ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে জানান দিয়েছিলেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। কিন্তু দ্বিতীয় ম্যাচে যা করলেন, তা রীতিমতো ইতিহাস। মালির ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথমবার বোলিংয়ে এসে শুরুতে আঁটসাঁট লাইন বজায় রাখেন। তখনও কেউ বুঝতে পারেনি সামনে কী ঝড় অপেক্ষা করছে।
