রিয়াল মাদ্রিদের কেউ নেই স্পেনের বিশ্বকাপ দলে
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড করেছে স্পেন। সেখানে রয়েছে বড় চমক। তাদের কোচ লুইস দে লা ফুয়েন্তে দলে রাখেননি রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কে। চোটের কারণে দানি কারভাহালের বিশ্বকাপ দলে না থাকাটা আগেই নিশ্চিত ছিল, সুযোগ পাননি ডিফেন্ডার ডিন হাইসেনও। চোটে মৌসুমের শেষদিকে মাঠের বাইরে চলে গেলেও বিশ্বকাপ দলে আছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল। ২০২২ সালের কাতার বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নিলেও ইউরো ২০২৪-এ দুর্দান্ত ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। স্বাভাবিকভাবেই এবারের গ্রীষ্মকালীন ফুটবল মহাযজ্ঞে শিরোপার অন্যতম দাবিদার তারা। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘এইচ’-এ নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।
দল ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল প্রধান তিন তারকা—লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনোর ফিটনেস নিয়ে। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন স্প্যানিশ কোচ। আগামী ১৫ জুন আটলান্টায় স্পেনের প্রথম ম্যাচেই এই ত্রয়ী মাঠে নামতে প্রস্তুত থাকবেন বলে শতভাগ আত্মবিশ্বাসী তিনি। দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা খুবই শান্ত আছি। নতুন কোনো সমস্যা না হলে প্রথম ম্যাচ থেকেই সবাইকে পাব। আমাদের চিকিৎসক ও ফিটনেস কোচ প্রতিটি ক্লাবে গিয়ে কথা বলেছেন। পুরো বিষয়টি আমরা সমন্বয় করছি। প্রথম ম্যাচে তারা তৈরি থাকবে, কোনো কারণে তা না হলেও দ্বিতীয় ম্যাচে অবশ্যই খেলবে।’
ঘোষিত দলে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন উনাই সিমন, ডেভিড রায়া ও হুয়ান গার্সিয়া। তবে বাদ পড়েছেন রিয়াল সোসিয়েদাদের অ্যালেক্স রেমিরো। রক্ষণভাগে আছেন মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো পোরো। মাঝমাঠের দায়িত্ব সামলাবেন পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রি, অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।
