চ্যাম্পিয়নস লিগ জিতে পিএসজির ইতিহাস

উদযাপনে সহিংসতা, গ্রেপ্তার চার শতাধিক

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ফুটবলপ্রেমীরা হয়তো ভুলেই গিয়েছিলেন, চ্যাম্পিয়নস লিগ ফাইনালও ৯০ মিনিটের বেশি সময় ধরে হতে পারে। সেই ২০১৬ সালে মিলানে রিয়াল মাদ্রিদণ্ডআতলেতিকো মাদ্রিদের ফাইনাল অতিরিক্ত আধা ঘণ্টা পেরিয়ে টাইব্রেকারে গিয়ে শেষ হয়েছিল। এক দশক পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আবারও দেখল ৯০ মিনিট পার হতে, দেখল টাইব্রেকারও। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় পিএসজি-আর্সেনালের এই স্নায়ু পরীক্ষায় শেষ পর্যন্ত জিতেছে ফরাসি ক্লাবটি। আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি। ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারের স্নায়ুচাপের লড়াইয়ে জয় তুলে নেয় পিএসজি। এর আগে গত মৌসুমে মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবারের মতো ইউরোপসেরা হয়েছিল দলটি। আর্সেনালকে হারানোর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগ যুগে (১৯৯৩ সাল থেকে) দ্বিতীয় দল হিসেবে শিরোপা ধরে রাখার রেকর্ড গড়ল পিএসজি। এর আগে রিয়াল মাদ্রিদ ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে টানা তিনবার ট্রফি জিতেছিল।

ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ৭১ বছরের ইতিহাসে টানা দুই মৌসুমে শিরোপা জেতা দশম ক্লাব এখন পিএসজি। ফরাসি ক্লাবটির সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন কোচ লুইস এনরিকে। গত মৌসুমের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে শুরুর একাদশের ১০ জন খেলোয়াড়ই এবারও শুরুর একাদশে ছিলেন। একমাত্র পরিবর্তন ছিল গোলপোস্টে। জিয়ানলুইজি দোন্নারুম্মার জায়গায় খেলেছেন মাতভেই সাফোনভ। ম্যাচ শেষে আবেগ লুকাতে পারেননি এনরিকে। তিনি বলেন, ‘অনুভূতিগুলো মিশ্র। ক্লান্তি আছে, উত্তেজনা আছে। তবে মৌসুমের সেরা মুহূর্ত এটি। আমরা এখনও চ্যাম্পিয়ন, টানা দুইবার। ব্যাপারটি অসাধারণ।’

গত দুই মৌসুমে প্রায় অপ্রতিরোধ্য ছিল পিএসজি। ক্লাব বিশ্বকাপ ও চলতি মৌসুমের ফরাসি কাপ ছাড়া সম্ভাব্য ১০টি ট্রফির মধ্যে ৮টি জিতেছে ক্লাবটি। দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জিতে পিএসজি এখন ফ্রান্সের সবচেয়ে সফল ক্লাবও। এক শিরোপাধারী মার্সেইকে ছাড়িয়ে ইউরোপের মঞ্চে নতুন ইতিহাস লিখেছে ক্লাবটি। আগামী মৌসুমে শিরোপা ধরে রাখতে পারলে পঞ্চম দল হিসেবে টানা তিনবার ইউরোপসেরার গৌরব অর্জন করবে পিএসজি। তবে ১৯৫৬-৬০ সময়ে রিয়াল মাদ্রিদের গড়া টানা পাঁচ শিরোপার রেকর্ড এখনও তাদের নাগালের বাইরে।

পিএসজির জয়ে ফ্রান্সজুড়ে সহিংসতা, গ্রেপ্তার চার শতাধিক পিএসজির শিরোপা জয়ের উদ্যাপন রূপ নিয়েছে সহিংসতায়। ফ্রান্সজুড়ে সমর্থক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় চার শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল রোববার ভোর পর্যন্ত ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানী প্যারিসেই গ্রেপ্তার হয়েছেন ২৮০ জন। পিএসজির শিরোপা জয়ের পর রাজধানী প্যারিসের বিভিন্ন এলাকায় হাজারো সমর্থক রাস্তায় নেমে আসেন।