এবার ইরানকে নিয়ে অন্য জটিলতায় ফিফা

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলা এবং এর জের ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে যাওয়ার পর ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেটা এরই মধ্যে কিছুটা হলেও কেটেছে। তবে ইরান নিয়ে নতুন এক জটিলতার মুখোমুখি হয়ে পড়েছে নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপে ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিষিদ্ধ করার পরিকল্পনার করছে ফিফা, এমন খবরে সংস্থাটির বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া হয়েছে। উল্টো দিকে ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিফার কাছে ওই পতাকাটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন শুরু হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এই আসরে গ্রুপ জি-তে ইরানের তিনটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। দুটি ক্যালিফোর্নিয়ায়, একটি সিয়াটলে। যুক্তরাষ্ট্রে যে সব ইরানি বসবাস করেন, তাদের বড় অংশ ক্যালিফোর্নিয়ায় থাকেন। এদের মধ্যে একটি অংশ ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরোধী। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লব বিরোধী এই অংশটি ইরানের পুরোনো ‘লায়ন অ্যান্ড সান’ খচিত পতাকা বিশ্বকাপের সময় প্রদর্শনের পরিকল্পনা করছেন। তবে ইরানের ফুটবলপ্রধান মেহদি তাজ আগেই জানিয়েছেন, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ যে সব বিষয়ের ওপর নির্ভর করছে, তার মধ্যে রয়েছে অননুমোদিত পতাকাও। এরপর কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, ফিফা তাদের ভেন্যু নির্দেশিকায় বিপ্লব-পূর্ব ইরানি পতাকা নিষিদ্ধ করতে পারে। বিশ্বকাপের ভেন্যুগুলোতে ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিষিদ্ধ করার পরিকল্পনার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে ‘ইনস্টিটিউট ফর ভয়েসেস অব লিবার্টি’। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই বিষয়টি ক্যালিফোর্নিয়ার রাজ্য বা ফেডারেল আদালতে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ায় গড়াতে পারে। এর ফলে ফিফা এখন আদালতের মুখোমুখি হতে পারে। গত সপ্তাহের শেষের দিকে আইনি পরামর্শক শাহরুখ মোখতারজাদেহ জানান, তিন দিন পার হওয়ার পরও ফিফার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।