মোস্তাফিজ আবাহনীতেই
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
মোস্তাফিজুর রহমান ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি। গুঞ্জন ছিল টেবিল টপার মোহামেডানের জার্সিতে দেখা যাবে তাকে। তবে জানা গেছে, মোহামেডান নয়; ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর হয়েই খেলবেন এই বাঁহাতি পেসার। ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে এখন পর্যন্ত অষ্টম রাউন্ড শেষ হয়েছে। যেখানে ৭ জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান। গতবারের চ্যাম্পিয়ন আবাহনী সমান ম্যাচে ৬ জয়ে টেবিলের দুই নম্বরে আছে। অষ্টম রাউন্ডে মোহামেডান দলে যোগ দিয়েছেন নাহিদ রানা। ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল তাসকিন-নাহিদ রানার সঙ্গে মোস্তাফিজুর রহমানকেও দলে ভেড়াচ্ছে মোহামেডান। তবে ক্লাবটির সূত্র জানিয়েছে, অন্তত এই মৌসুমে সাদা-কালো জার্সিতে মোস্তাফিজের খেলার সম্ভাবনা নেই। আরেকটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে আবাহনীর ডেরায় ভিড়ছেন মোস্তাফিজ। আগামী ৫ জুন নবম রাউন্ডে আবাহনীর প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির ৩ নম্বর মাঠে সেদিন আকাশী-নীল জার্সিতে মাঠে নামবেন মোস্তাফিজ।
