টেইটের পদত্যাগ, বোলিং কোচের দায়িত্বে তালহা
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

বেশি কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল দায়িত্ব ছেড়ে দিচ্ছেন শন টেইট। অবশেষে সত্যি হলো সেই গুঞ্জণ। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে নতুন দায়িত্ব পাচ্ছেন ঘরের ছেলে তালহা জুবায়ের। চলতি মাসেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। কিন্তু ডাগআউটে পেস বোলিং কোচ শন টেইটকে পাচ্ছে না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারের অনুপস্থিতিতে তালহা জুবায়েরকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে এইচপি’র হয়ে কাজ করছেন জাতীয় দলের হয়ে সবমিলিয়ে ১৩ ম্যাচ খেলা এই পেসার। গতকাল বৃহস্পতিবার ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন শন টেইট। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা এবং প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি অংশ হতে পারা আমার জন্য বিশেষ সৌভাগ্যের বিষয়। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। পুরো আলোচনার সময় বিসিবি যে বোঝাপড়া ও সমর্থন দেখিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেস বোলাররা যে উন্নতি করেছে, তা নিয়ে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে দারুণ সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলের আগামী পথচলার জন্য আমার শুভকামনা রইলো।’
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, নিজের পারিবারিক পরিস্থিতি সম্পর্কে বোর্ডকে অবহিত করার পর শন টেইট দায়িত্বে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তিনি কম সময়ের জন্য দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছিলেন। পরে উভয় পক্ষের আলোচনায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হয়। পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের মে মাসে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসের জায়গায় জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন টেইট। তার অধীনে পেসাররা নিজেদের আরও শাণিত করে তোলেন। বিসিবির সঙ্গে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ ছিল টেইটের। বিসিবির সঙ্গে কাজ না করার নেপথ্যে পারিবারিক কারণ দেখানো হলেও শোনা যাচ্ছে ভারতে কাজ করতে আগ্রহী টেইট। ভারতের রাজ্য দল বেঙ্গলের কোচিংয়ে যুক্ত হতে নাকি ইতিমধ্যে সেখানে সাক্ষাৎকারও দিয়েছেন টেইট।
