প্রিন্সেস অব আস্তুরিয়াস জিতে মেসির ইতিহাস
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

২০২৬ সালের মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এর মাধ্যমে ইতিহাসের প্রথম একক ফুটবলার হিসেবে এই পুরস্কার অর্জন করলেন মেসি। বিশ্বকাপের প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের ক্যাম্পে থাকা মেসি এক ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠে এই পুরস্কারের খবর পেয়েছি। অসংখ্য মানুষের শুভেচ্ছা বার্তা পেয়েছি। এমন একটি স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। কারণ এটি শুধু মাঠের পারফরম্যান্সের জন্য নয়, মাঠের বাইরের কাজগুলোকেও মূল্যায়ন করে।’ স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার শিল্প, সাহিত্য, সমাজবিজ্ঞান, বৈজ্ঞানিক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। পুরস্কারের বিচারকম-লী এক বিবৃতিতে জানায়, ‘দুর্দান্ত প্রতিভা ও অসাধারণ ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডও এই স্বীকৃতির অন্যতম কারণ।’ ফুটবল ক্যারিয়ারে মেসি জিতেছেন ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং বেইজিং অলিম্পিকের স্বর্ণপদক।
