সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি তামিম ইকবাল

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হলো তামিম ইকবালের হাত ধরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক এই অধিনাযক (ক?্যাটাগরি ২)। যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের মধ্যে জনপ্রিয়তায় সবচেয়ে বেশি এগিয়ে তিনি। ভোট ব্যালটেও সেই ছাপ পড়ল। এই ক্যাটাগরিতে মোট ভোটারের সংখ্যা ৭৬। ভোট দিয়েছেন ৭৪ জন। তামিম মাত্র ১ ভোট পাননি। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে নেতৃত্ব দেওয়া এই ওপেনার এবার দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে বসলেন। নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এক সময়ের এই তারকা ক্রিকেটার।

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে প্রায় দুই মাস দায়িত্ব পালনের পর এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সভাপতি হলেন তামিম। সভাপতি নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন হয়নি। এর মধ্য দিয়ে তিনি বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। দিনভর নির্বাচনি উত্তাপের কেন্দ্র ছিল বিসিবির ক্লাব ক্যাটাগরি। এখান থেকেই পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। তার সঙ্গে জয় পেয়েছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম। মোট ১৬ জন প্রার্থী এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখানে নির্বাচিত হন ১২ জন।

নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরির ৭৬ ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়, যার মধ্যে ৭৩ ভোটই পেয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট। ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম পেয়েছেন ৬৬টি করে ভোট। এছাড়া আসিফ রাব্বানি পেয়েছেন ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩, রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ডা. মাহবুব শামীম পেয়েছেন ৪১ ভোট।

অন্যদিকে নির্বাচনে হেরে যাওয়া চার প্রার্থীর মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফায়াজুর রহমান মিতু ২৩ এবং মেজর ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট। ভোটের ফলাফল থেকেই স্পষ্ট হয়েছে, ক্লাব প্রতিনিধিদের বড় অংশই তামিমের নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট শেষে সন্ধ্যায় শুরু হয় ফল গণনা। নির্বাচন ঘিরে দিনভর বিসিবি কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্লাব কর্মকর্তা এবং সংগঠকদের উপস্থিতিতে গতকাল রোববার জমে ওঠে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। জাতীয় দলের সফলতম ব্যাটসম্যানদের একজন হিসেবে পরিচিত তামিমের সামনে এবার ভিন্ন চ্যালেঞ্জ। মাঠের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও বোর্ড পরিচালনায় তাকে সামলাতে হবে দেশের ক্রিকেট অবকাঠামো, ঘরোয়া ক্রিকেট, আর্থিক ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়। ক্রিকেটার তামিমের পর এবার প্রশাসক তামিমকে দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন!

বিসিবির পরিচালক হলেন যারা

ক্যাটাগরি-১

ঢাকা বিভাগ : সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ

চট্টগ্রাম বিভাগ : মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী

খুলনা বিভাগ : শফিকুল আলম, শান্তনু ইসলাম

রাজশাহী বিভাগ : মীর শাকরুল আলম

রংপুর বিভাগ : মির্জা ফয়সল আমীন

সিলেট বিভাগ : আব্দুল কাইয়ুম চৌধুরী

বরিশাল বিভাগ : মিজানুর রহমান

ক্যাটাগরি-২

তামিম ইকবাল, মাসদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ।

ক্যাটাগরি-৩

সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।