মোসাদ্দেককে নিয়ে মিরাজের উচ্ছ্বাস
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের দূত্যি ছড়িয়ে নির্বাচকদের মন জয় করে মোসাদ্দেক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য জায়গা করে নিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আজ প্রথম ওয়ানডেতে মাঠে ফিরবেন এই ব্যাটিং স্পিন অলরাউন্ডার। অধিনায়ক হিসেবে মিরাজও স্পিন অলরাউন্ডার। দুজনের ভূমিকা প্রায় একই রকম। অনেকেই দুজনকে প্রতিদ্বন্দ্বী মনে করে। তবে মিরাজের ভাবনায় তেমন কিছু নেই। বরং মোসাদ্দেক ফেরায় মিরাজ বেশ উচ্ছ্বসিত। গতকাল সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিরাজ বলেছেন, ‘‘সে যদি পারফর্ম করতে পারে, এটা আমার জন্য এবং দলের জন্য অনেক বিরাট সহায়তা হবে। দিন শেষে আমরা সবাই চিন্তা করি যে, দলটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় এবং আমি অনেক আত্মবিশ্বাসী তাকে নিয়ে, যেভাবে সে ঘরোয়াতে ভালো পারফর্ম করেছে। যদি সুযোগ আসে, ভালো করবে।’’
