৪৫ বলের ঝড়ে হাবিবুরের ইতিহাস
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি সাধারণ দুপুর হঠাৎই রূপ নেয় রেকর্ডের উৎসবে! গতকাল রোববার ইউল্যাব মাঠে সিটি ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে নামা হাবিবুর রহমান সোহান যেন শুরুতে নিজেকেও সময় দিচ্ছিলেন। প্রথম ৯ বলে তার সংগ্রহ ছিল মাত্র ৬ রান। দেখে বোঝার উপায় ছিল না, কয়েক ওভার পরই বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাস নতুন করে লেখা হবে। চতুর্থ ওভারে নিহাদ উজ জামানের বিপক্ষে প্রথম বাউন্ডারি হাঁকিয়ে যেন নিজের ইঞ্জিন চালু করেন হাবিবুর। পরের বলেই ছক্কা। এরপর একই বোলারের আরেক ওভারে ২২ রান তুলে ম্যাচের গতি পুরো বদলে দেন। শুরুতে ধীর থাকা ব্যাটসম্যানটি মুহূর্তেই হয়ে ওঠেন বোলারদের আতঙ্ক। মাত্র ২৬ বলেই তুলে নেন ফিফটি।
কিন্তু আসল বিস্ফোরণ ছিল এরপর। সাধারণত ব্যাটসম্যানরা ফিফটির পর একটু থিতু হওয়ার চেষ্টা করেন, হাবিবুর ঠিক উল্টোটা করলেন। পরের পঞ্চাশ রান তুললেন মাত্র ১৯ বলে। পুরো ইনিংসজুড়ে তার ব্যাটিং ছিল শক্তি, সময়জ্ঞান আর নির্দয় আক্রমণের মিশেল।
৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি ভেঙে দিলেন বাংলাদেশের ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড! মজার ব্যাপার হলো, আগের রেকর্ডেও ছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের তারকা হাবিবুর নিজেই।
