বর্ণাঢ্য আয়োজনে শুরু ছয় জাতির হ্যান্ডবল
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়ে গেলো বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। গতকাল বুধবার পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে পোলার আইসক্রিম। উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন আলিফ স্কোয়াড শিল্পীরা। এর আগে প্রতিটি দলের পতাকা সহযোগে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ম্যানেজাররা হ্যান্ডবল কোর্টে প্রবেশ করেন। এ সময় প্রতিটি দেশের বিভিন্ন দেশাত্মবোধক গান বাজতে থাকে।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আয়োজন দেখে মুগ্ধ ক্রীড়া প্রতি মন্ত্রী। প্রতিটি দেশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘এখানে যারা অংশ নিয়েছে তাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, বর্তমান সরকার স্পোর্টস ডিপ্লোমেসি নিয়ে কাজ করছে। এবং আমরা পাশের দেশসহ এশিয়া ইউরোপের সব দেশের সঙ্গে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের রিলেশন এক্সচেঞ্জের মাধ্যমে দেশের ক্রীড়ঙ্গনকে সমৃদ্ধ করতে পারি । আমাদের ক্রীড়াঙ্গনকে উঁচু জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি।’ দুপুর ১টায় মালদ্বীপ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতা। আর অনূর্ধ্ব-২০ দলের বাংলাদেশের প্রথম ম্যাচ রয়েছে সন্ধ্যা ৭টায়। প্রতিপক্ষ আফগানিস্তান।
ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ- এই ছয় জাতির অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন।
