আইসিসির মাস সেরার দৌড়ে মুশফিক-তাইজুল

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। এবার মে মাসে বাংলাদেশের দুই ক্রিকেটার পেয়েছেন মনোনয়ন। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। মে মাসের সেরার লড়াইয়ে বাংলাদেশের অভিজ্ঞ দুই ক্রিকেটারের সঙ্গী নেপালের দিপেন্দ্রা সিং ঐরি। অন্যদিকে নারীদের বিভাগে ইংল্যান্ডের পেসার লওরেন বেল, পাকিস্তানের ব্যাটার গুল ফিরোজা ও নিউজিল্যান্ডের ব্যাটার ম্যাডি গ্রিন মনোনয়ন পেয়েছেন। গত মাসের সেরার লড়াইয়ে জায়গা পাওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম বুধবার প্রকাশ করে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল, পাকিস্তানের ব্যাটার গুল ফিরোজা ও নিউজিল্যান্ডের ব্যাটার ম্যাডি গ্রিন।

মুশফিকুর রহিম: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুশফিক। ৬৩.২৫ গড়ে ২৫৯ রান করে ম্যান অব দা সিরিজ হন অভিজ্ঞ ব্যাটসম্যান। ২১ বছর ও ১০২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই স্বীকৃতি পান তিনি প্রথমবার। মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মুশফিক। সিরিজের সেরা পারফরম্যান্স উপহার দেন তিনি সিলেটে দ্বিতীয় টেস্টে, দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের চমৎকার ইনিংস খেলেন ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান। ক্যারিয়ারের ১৪তম টেস্ট সেঞ্চুরিতে মুমিনুল হককে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড নিজের করে নেন তিনি।

তাইজুল ইসলাম: ১৯.৬১ গড়ে ১৩ উইকেট নিয়ে দুই টেস্টের ওই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তাইজুল। মিরপুর টেস্টে দুই ইনিংসেই তার উইকেট ছিল ২টি করে।