বিশ্বকাপ নিয়ে মোহামেডানের বিশেষ আয়োজন
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অনেক ইতিহাসের স্বাক্ষী এই মোহামেডান। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ উপলক্ষ্যে মোহামেডান নিয়েছে একটি ব্যতিক্রম পদক্ষেপ। তাদের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্টদের নিয়ে বিশ্বকাপ আড্ডা করবে। গতকাল বুধবার ক্লাব প্রাঙ্গনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। আমিনুল হক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। তার ক্যারিয়ার শুরু মোহামেডানে। তাই ক্লাবের এমন আমন্ত্রণে সাড়া না দিয়ে পারেননি, ‘মোহামেডান আমার আবেগের জায়গা। মোহামেডান থেকে আমার ক্যারিয়ারের হাতেখড়ি। মোহামেডান থেকে পরবর্তীতে ফরাশগঞ্জে যাই। এরপরই জাতীয় দলে ডাক পাই। মোহামেডানের শুরুর দিকে সময়গুলো আমার ক্যারিয়ারে অনেক বড় ভূমিকা রেখেছে।’
বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও ফুটবল উন্মাদনায় সারা বিশ্বের মধ্যে অন্যতম আলোচিত দেশের তালিকায় থাকে। এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বকাপ পর্যায়ে খেলি না কিন্তু আমাদের ফুটবলের প্রতি ভালোবাসা এবং আমাদের সমর্থকরা বিশ্বের সেরা।’ বাংলাদেশে বিশ্বকাপের উন্মাদনার উদাহরণ দিতে গিয়ে নিজের পরিবারের ঘটনা উল্লেখ করে বলেন, ‘কর্মব্যস্ত দিন শেষে গতকাল যখন বাসায় ফিরছিলাম তখন আমার স্ত্রী বলছিল, ‘এবার কিন্তু ব্রাজিলের খাওয়া নেই।’ আমার মেয়েকেও বলছিল এবার ব্রাজিলের কিছু হবে না। মানে তারা আর্জেন্টিনার সাপোর্টার।’
মোহামেডানের ফেসবুক পেজে বিশ্বকাপ আড্ডা অনুষ্ঠান উপলক্ষ্যে ক্লাবের সভাপতি বরকতউল্লাহ ভুলু, ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া, একাধিক পরিচালক, স্থায়ী সদস্য, ক্লাবের সাবেক তারকা ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সাবেক সচিব ইকবাল উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয় ক্লাবের পক্ষ থেকে। তিনি যখন গণপূর্ত সচিব তখন মোহামেডান ক্লাব মতিঝিলের এই জায়গা পেয়েছিল।
