আইসল্যান্ডকে উড়িয়ে প্রস্তুতি সারল আর্জেন্টিনা

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ মিশন শুরুর আগে আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন লিওনেল মেসি। তার যাদুকরী নৈপুণ্যে গত মঙ্গলবার রাতে আলাবামার অবার্নে বিশ্বকাপের আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। চোট শঙ্কা কাটিয়ে মাঠে ফেরার কয়েক মিনিটের মধ্যেই গোল পেয়েছেন লিওনেল মেসি। গত ২৪ মে ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ ব্যবধানের জয়ের ম্যাচটিতে পেশির ক্লান্তির কারণে মাঠ ছাড়তে হয়েছিল আটবারের ব্যালন ডি’অর জয়ীকে। তাই ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতে বেঞ্চেই ছিলেন মেসি। ৮৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে লিওনেল স্কালোনি যখন একটি পরীক্ষামূলক একাদশ মাঠে নামান, তখন মেসির সঙ্গে সাইডলাইনে আরও ছিলেন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। দুর্দান্ত এক ২০ মিনিটের ক্যামিও পারফরম্যান্সে তিনি এই টুর্নামেন্টের শুরুতে তার থাকা না-থাকা নিয়ে তৈরি হওয়া সব আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া এবং জর্ডান। ম্যাচের প্রথম কয়েক মিনিটের মধ্যেই আইসল্যান্ডের লিড নেওয়া উচিত ছিল, যখন ফাঁকা গোলপোস্ট পেয়েও মিকায়েল এগিল এলার্টসন বল বারের ওপর দিয়ে উড়িয়ে মারেন। এর বদলে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরাই ম্যাচের শুরুতে লিড নিয়ে নেয়। আইসল্যান্ডের ডিবক্সের ভেতর জটলা থেকে বলটি তারা পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি।