শঙ্কা মুক্ত মিরাজ, স্কোয়াড অপরিবর্তিত

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ঐতিহাসিক সিরিজ জয়ের আনন্দের মাঝেই বাংলাদেশ শিবিরে তৈরি হয়েছিল উদ্বেগ! গত বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালে মাথায় বলের আঘাত পান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পরে বমি করায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে সব শঙ্কা দূরে ঠেলে এখন স্বস্তির খবরই এসেছে দলীয় ব্যবস্থাপনার পক্ষ থেকে। টিম ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, পর্যবেক্ষণ শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিরাজ। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে প্রায় ১২ ঘণ্টা থাকার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। যদিও আগামী ম্যাচের আগে তিনি অনুশীলনে অংশ নেবেন কি না বা তৃতীয় ওয়ানডেতে খেলবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি।

এক ভিডিও বার্তায় নাফিস বলেন, ‘ওয়ানডে ক্যাপ্টেন মিরাজের সর্বশেষ আপডেট হলো- সে বাসায় ফিরেছে। এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে ছিল প্রায় ১২ ঘণ্টার মতো। আপনারা জানেন একটা বাউন্সারে তার মাথায় বল লেগেছিল। এরপর ওর একটু বমি হয় যা দুশ্চিন্তা জাগিয়েছিল। তবে খেলা চালিয়ে যায় এবং খেলা শেষ হওয়ার পরপর বিসিবির চিকিৎসক-ফিজিও সবাই মিলে সিদ্ধান্ত নেন তাকে এভারকেয়ারে পাঠানো হবে।’

দলের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আঘাত পাওয়ার পরও মিরাজ নিজেকে স্বাভাবিক অনুভব করছিলেন। তারপরও কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সে কারণেই তাকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। সেখানে দুটি স্ক্যান করা হয় এবং দুটির ফলই ইতিবাচক আসে। মিরাজের শারীরিক অবস্থা নিয়ে নাফিস আরও বলেন, ‘যদিও সে ভালোই অনুভব করছিল। এভারকেয়ারে তার স্ক্যান করানো হয়। প্রথম স্ক্যানে রিপোর্ট মাশাআল্লাহ ভালো আসে। আজও (শুক্রবার) রিপোর্ট ভালো আসায় তাকে রিলিজ দেওয়া হয়েছে। কাল অনুশীলন করবে কিনা এ ব্যাপারে নিশ্চিত নই। ডাক্তার ও ফিজিও অবশ্যই যোগাযোগ করবে এবং এভেইলেবিলিটির ব্যাপারে কাল আলাপ করা যাবে।’ আপাতত মিরাজকে নিয়ে বড় কোনো শঙ্কা নেই। আগামীকাল রোববার সিরিজের শেষ ওয়ানডেতেও হয়তো দেখা যাবে তাকে। তবে মাঠে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসক ও ফিজিওদের মূল্যায়নের ভিত্তিতে। আগামী ২৪ ঘণ্টা তার জন্য গুরুত্বপূর্ণ।