কাউন্টিতে রঙিন অভিষেক হাসান মাহমুদের

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

১৯ ওভার পেরিয়ে যাওয়ার পর প্রথমবার বল হাতে পেলেন হাসান মাহমুদ। প্রতিপক্ষের ব্যাটিং ততক্ষণে ধুঁকছে। হাসান এসেও সেই ব্যাটসম্যানদের ভোগালেন আরও। ছয় ওভার বোলিং করেই তিন উইকেট নিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক রাঙালেন বাংলাদেশের পেসার। কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে প্রথম খেলতে নেমে ৩২ রানে তিন উইকেট শিকার করেন হাসান। তিনটি উইকেটই ছিল ইংলিশ কন্ডিশনের ধ্রুপদি ডেলিভারি। ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে ম্যাচের প্রথম দিনে গত শুক্রবার ১৭৮ রানে অলআউট হয়েছিল কেন্ট। শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে গিয়ে হাসান অপরাজিত ছিলেন ৮ বলে ৬ রানে। দ্বিতীয় দিনে গতকাল শনিবার ল্যাঙ্কাশায়ার গুটিয়ে যায় ৮৭ রানেই। কিথ ডাজন শিকার করেন ২১ রানে ৬ উইকেট। কেন্টের নতুন বলের দুই বোলার ম্যাট মিল্নস ও ডাজন মিলেই প্রথম ১৯ ওভার বোলিং করেন। হাসানকে যখন আক্রমণে আনা হয়, ল্যাঙ্কাশায়ারের রান তখন ৪ উইকেটে ৩৩। হাসান প্রথম তিন বলে রান না দিলেও তার চতুর্থ বলে পুল করে ছক্কা মারেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বেন ম্যাকডারমট। প্রথম ওভারে একটি ‘নো’ বলসহ ৯ রান দেন তিনি। প্রথম উইকেটের জন্য অপেক্ষা খুব বেশি করতে হয়নি হাসানকে। পরের ওভারের প্রথম বলেই তিনি বিদায় করেন আরেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্কাস হ্যারিসকে। রাউন্ড দা উইকেটে করা মোহনীয় ডেলিভারিতে সম্মোহিতের মতো দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন অস্ট্রেলিয়ার হয়ে ১৪ টেস্ট খেলা বাঁহাতি ব্যাটসম্যান।

ক্রিজে যান এরপর লিয়াম লিভিংস্টোন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ত এই ক্রিকেটার এমনিতে প্রথম শ্রেণির ম্যাচ খেলেন না। তবে চোট-জর্জর দলের কোচ স্টিভেন ক্রফট ও অধিনায়ক জিমি অ্যান্ডারসনের অনুরোধে সাড়ে তিন বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন এই ম্যাচ দিয়ে। মাঠে নেমে অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতোই ব্যাটিং শুরু করেন লিভিংস্টোন। হাসানের বলে এক ওভারে দুইবার ক্রিজ ছেড়ে বেরিয়ে শট খেলে দুটি চার পান ব্যাটের কানায় লেগে।

তাকে বিদায় করতেও বেশি সময় লাগেনি হাসানের। পরের ওভারের প্রথম বলেই অফ স্টাম্প ঘেষা দারুণ ডেলিভারিতে কিপারের হাতে পড়েন আগ্রাসী ব্যাটসম্যান। পরের ওভারে হাসান ফেরান জোসেফ মুরসকে। রাউন্ড দা উইকেটে করা ডেলিভারিতে বাঁহাতি ব্যাটসম্যান ক্যাচ দেন প্রথম স্লিপে। ল্যাঙ্কাশায়ারের রান তখন ৮ উইকেটে ৭৭। হাসানের সামনে অভিষেকেই পাঁচ উইকেটের হাতছানি। কিন্তু তিনি বোলিং পান আর এক ওভার। ডাজন এক ওভারেই দুই উইকেট নিয়ে শেষ করে দেন ল্যাঙ্কাশায়ারের ইনিংস। ৯১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১২ রান করে লাঞ্চে যায় কেন্ট।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন হাসান। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই ক্রিকেট টুর্নামেন্টে এই দফায় দুটি ম্যাচ খেলবেন তিনি। পরে অনাপত্তিপত্র পাওয়া সাপেক্ষে আরও চারটি ম্যাচ খেলবেন সেপ্টেম্বরে। হাসানের আগে কাউন্টিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার খেলেছেন উস্টারশায়ার ও সারের হয়ে।