সেই রেফারিকে ‘প্রাপ্য পারিশ্রমিক’ দেবে ফিফা

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে না পারার ক্ষত হয়ত শুকাবে না, তবে ফিফার কাছ থেকে অন্তত একটি স্বস্তির খবর পেলেন ওমার আর্তান। বৈধ কাগজপত্র এবং যথাযথ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া সোমালিয়ার এই রেফারিকে প্রাপ্য পারিশ্রমিক পরিশোধ করবে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সুত্রের বরাতে এই খবর দিয়েছে বিবিসি। ফিফার এই সিদ্ধান্তের ফলে অন্তত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না আর্তান। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে আর্তানকে। পরে তাকে যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। বিমানবন্দর থেকেই ফিরে যান আর্তান। সোমালিয়ায় ফিরে বীরোচিত সংবর্ধনা পান তিনি। আর্তানকে যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি না দেওয়ার পেছনের কারণে হিসেবে দেশটির এক অফিসিয়াল বলেছিলেন, ‘সন্দেহভাজন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তার যোগাযোগ’ থাকার কথা। তবে আর্তান এ অভিযোগ অস্বীকার করেন। ‘আমি খুব, খুব হতাশ। আমি কেবল একজন রেফারি, যে তার প্রিয় কাজটা করার চেষ্টা করছে- আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, বিশ্বকাপে আসার। আমার কাছে সঠিক কাগজপত্র এবং প্রয়োজনীয় সবকিছু ছিল। বৈধ ভিসাও ছিল আমার।’ সোমালিয়ার ন্যাশনাল ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচ অফিসিয়াল আর্তান ২০১৮ সালে ফিফা রেফারি হিসেবে স্বীকৃতি পান। এর আগে আফ্রিকা কাপ অব নেশন্সে ম্যাচ পরিচালনা করেছেন ৩৪ বছর বয়সী এই রেফারি।