নাঈমের আবেগঘন বার্তা
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
চট্টগ্রামে পুলিশি হয়রানির শিকার হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন জাতীয় দলের স্পিনার নাঈম হাসান। আলোচিত সেই ঘটনার পর তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ ছিল ক্রিকেটাঙ্গনজুড়ে। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং কঠিন সময়ে পাশে দাঁড়ানো সবার প্রতি কৃতজ্ঞ। গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নাঈম লিখেছেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে আমি এখন নিরাপদে আছি এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। ঘটনার পরপরই যারা এগিয়ে এসে আমাকে সাহায্য করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ নাঈমকে অযাচিতভাবে আটকের ঘটনায় ক্রিকেটাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। তাকে উদ্ধারে দ্রুত উদ্যোগ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। বোর্ডের অন্য পরিচালকরাও বিষয়টি নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পুলিশ নাঈমের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। একই সঙ্গে ক্রিকেটারদের সংগঠন কোয়াবও দ্রুত প্রতিনিধি পাঠিয়ে তার পাশে দাঁড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ও সমর্থনের বার্তা দেন অসংখ্য ক্রিকেটপ্রেমী।
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাঈম লিখেছেন, ‘সংকটময় সেই মুহূর্তে যারা দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আপনাদের সবার নাম হয়তো আমি জানি না, কিন্তু আপনাদের মানবিকতা ও সহমর্মিতা আমি কখনই ভুলব না।
আমার ভক্ত, বন্ধু, সতীর্থ, শুভাকাঙ্ক্ষী এবং যারা ফোন, বার্তা, সাক্ষাৎ ও দোয়ার মাধ্যমে আমার খোঁজ নিয়েছেন, সবার ভালোবাসা ও উদ্বেগে আমি সত্যিই অভিভূত।
এই কঠিন সময়ে আপনাদের সমর্থন আমাকে অনেক শক্তি জুগিয়েছে।’
এ সময় যোগাযোগ করতে না পারার জন্যও দুঃখ প্রকাশ করেছেন এই স্পিনার।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘সব ফোনকলের উত্তর দিতে না পারা বা প্রতিটি বার্তার জবাব দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে আমাকে এবং আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন, সুস্বাস্থ্য দান করুন এবং যারা আমাকে সাহায্য করেছেন ও আমার জন্য দোয়া করেছেন, তাদের সবাইকে তার অফুরন্ত রহমত ও বরকতে সিক্ত করুন। অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা।’
