আজ মিয়ানমারের লিগে অভিষেক হচ্ছে ঋতুপর্ণার
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ নারী ফুটবলের জন্য আরেকটি গৌরবের মুহূর্ত অপেক্ষা করছে আজ। দেশের অন্যতম সেরা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা প্রথমবারের মতো মিয়ানমারের নারী ফুটবল লিগে মাঠে নামতে যাচ্ছেন। তিন মাসের চুক্তিতে তিনি মিয়ানমারের ক্লাব আয়েয়াওয়াদি এফসিতে যোগ দিয়ে ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছেন সতীর্থদের সঙ্গে। ক্লাবটিতে বিদেশি খেলোয়াড় হিসেবে রয়েছেন থাইল্যান্ড ও ফিলিপাইনের আরও দুই ফুটবলার।
মিয়ানমার নারী ফুটবল লিগের নতুন মৌসুম শুাং হয়েছে গত সোমবার। উদ্বোধনী ম্যাচে আইএসপিই ৩-০ গোলে শান ইউনাইটেডকে হারিয়েছে। আজ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আয়েয়াওয়াদি এফসি। তাদের প্রতিপক্ষ থিতসার আরমান এফসি। সেই ম্যাচেই ক্লাবটির জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে বাংলাদেশের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমার।
মিয়ানমারের ২০২৫-২৬ মৌসুমের লিগ ইতোমধ্যে শেষ হয়েছে। আয়েয়াওয়াদি এফসি শিরোপা জিতে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে ঋতুপর্ণাকে দলে নেওয়া হয়েছে ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে।
মিয়ানমারে যাওয়ার আগে ঋতুপর্ণা খেলেছেন ভুটানের লিগে। সেখানে তিনি পারো এফসি ও রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে মাঠ মাতিয়েছেন। রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগেও অংশ নেন তিনি। প্রতিযোগিতাটিতে দুটি ম্যাচ খেলে একটি গোল করেন বাংলাদেশের এই তারকা ফরোয়ার্ড। গোলটি ছিল ইরানের বাম খাতুন এফসির বিপক্ষে।
ভুটানের ঘরোয়া লিগে পারো এফসির জার্সিতে ঋতুপর্ণার পারফরম্যান্স ছিল দুর্দান্ত।
মাত্র আট ম্যাচে তিনি ১৩টি গোল করে আলোচনায় আসেন। অন্যদিকে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে ৩৮ ম্যাচ খেলে করেছেন ১৩ গোল। ঋতুপর্ণার এই নতুন যাত্রা শুধু তার ব্যক্তিগত অর্জনই নয়, বরং বাংলাদেশ নারী ফুটবলের ক্রমবর্ধমান অগ্রগতিরও প্রতীক।
এর আগে দেশের নারী ফুটবলাররা মালদ্বীপ, ভারত, ভুটান ও নেপালের লিগে খেলেছেন। এবার মিয়ানমারের লিগেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ঋতুপর্ণা, যা দেশের ফুটবলের জন্য একটি নতুন মাইলফলক।
