ড্রয়ে বিশ্বকাপ শুরু ইরানের

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে সাধারণত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ফুটবল। কিন্তু ইরানের ক্ষেত্রে এবার গল্পটা ভিন্ন! যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে গত কয়েক মাস ধরে অস্থিরতার মধ্যে ছিল ইরানের বিশ্বকাপ প্রস্তুতি। টুর্নামেন্টে তাদের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতায় দলটি নিজেদের অনুশীলন ঘাঁটি অ্যারিজোনা থেকে সরিয়ে নিয়েছে মেক্সিকোর তিজুয়ানায়।

সেখান থেকে ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে এসে খেলে ইরান। যুদ্ধ, ভিসা জটিলতা, রাজনৈতিক চাপ এবং অনিশ্চয়তায় ঘেরা প্রস্তুতির মধ্যেই বিশ্বকাপ অভিযান শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এতসব প্রতিকূলতার মাঝেও নিজেদের প্রথম ম্যাচে দারুণ লড়াই করে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইরান। শুরু থেকেই গতিময় ও প্রাণবন্ত ফুটবলের প্রদর্শনী ও আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ছিল ম্যাচটি। বিশ্বকাপের এই বিশাল মঞ্চে এই ম্যাচকে ঘিরে আগ্রহ হয়তো খুব বেশি ছিল না। কিন্তু এই ম্যাচটিই উপহার দিল এখনও পর্যন্ত আসরের সেরা লড়াইগুলোর একটি। রোমাঞ্চকর ম্যাচে দুই দফায় এগিয়ে গিয়েও জিততে পারল না নিউজিল্যান্ড। দুই দফায় ঘুরে দাঁড়িয়ে সমতায় শেষ করল ইরান।

প্রতিযোগিতামূলক আসরে এই দুই দলের প্রথম লড়াই ছিল এটি। সবশেষটি ছিল সেই ২০০৩ সালে। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় লস অ্যাঞ্জেলসে ম্যাচের প্রথম কয়েক মিনিটে ইরান চেপে নিউজিল্যান্ডকে। কিন্তু নিউজিল্যান্ড গোল পেয়ে যায় ম্যাচে তাদের প্রথম আক্রমণেই। সপ্তম মিনিটে নিউ জিল্যান্ডের অর্ধে থেকে উড়ে আসা বল বুক দিয়ে নামিয়ে ক্রিস উড বাড়িয়ে দেন জাস্টকে। তার কাছ থেকে বল পেয়ে সারপ্রিত সিং আলতো করে চিপ করেন বক্সের মধ্যে। সেখানে উড আবার বুক দিয়ে নামান বল। পাশে থাকা জাস্ট বাঁ পায়ে বল ধরে জায়গা বানিয়ে ডান পায়ের ভলিতে পরাস্ত করেন গোলকিপারকে। গোল হজম করে হাই-প্রেসিং ফুটবল খেলতে থাকে ইরান।