অনুশীলনে নেইমার
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে হাইতির বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন নেইমার। তবে কবে নাগাদ এই তারকা ফরোয়ার্ড মাঠে নামতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। ব্রাজিল দল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর মঙ্গলবার প্রথমবার অনুশীলন করেছেন নেইমার। সামাজিক মাধ্যমে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকার অনুশীলনের ভিডিও দিয়েছে। ভিডিওতে দেখা যায়, কার্লো আনচেলত্তির কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে রানিং এবং ফিটনেস নিয়ে কাজ করছেন নেইমার। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসলের চোটে পড়েন ৩৪ বছর বয়সী তারকা। ওই চোটের জন্য ব্রাজিল দলের সঙ্গে গত এক মাসে একবারও অনুশীলন করতে পারেননি তিনি। অনুশীলনে ফিরলেও এখনই তাকে পাওয়ার আশায় নেই ব্রাজিল। নকআউট পর্বে নেইমারকে পাওয়ার ব?্যাপারে আশাবাদী পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। পরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আগামী ২৫ জুন, ভোর চারটায়। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর আগে ব্রাজিল কোচ আনচেলত্তি বলেন, দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন নেইমার। তার অনুশীলনে ফেরা ইঙ্গিত দেয় যে মাঠে ফিরতে প্রস্তুত হচ্ছেন সান্তোস তারকা। সবশেষ ২০২৩ সালে দেশের হয়ে খেলেন নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বাঁ হাঁটুর এসিএল এবং মেনিসকাসের চোট নিয়ে মাঠ ছাড়েন।
